লোকবল ও সরঞ্জামের অভাবে সেবা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও সরঞ্জামের অভাবে রোগীদের ঠিকমতো চিকিৎসা দেওয়া যাচ্ছে না। তিন বছর ধরে কমপ্লেক্সের এক্স-রে মেশিন নষ্ট। একজন মেডিকেল অফিসার দিয়ে কোনোমতো কার্যক্রম চলছে। চিকিৎসক ও সেবিকার অভাবে জরুরি প্রসূতিসেবা বন্ধ হয়ে গেছে। ওষুধের সরবরাহ নেই বললেই চলে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, টিকিট কাউন্টারে অসংখ্য নারী-পুরুষ ও শিশুর ভিড়। জরুরি বিভাগ খোলা কিন্তু দেখার কেউ নেই। সকাল সাড়ে ১০টায় আসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীতাম্বর রায়। প্রশাসনিক কাজকর্ম সেরে চলে যান গ্রাম চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালায়। সঙ্গে নিয়ে যান একমাত্র মেডিকেল অফিসার সুজয় সাহাকে। রোগী দেখছেন উপসহকারী মেডিকেল অফিসার হযরত আলী।
হযরত আলী জানান, প্রতিদিন ২৫০ থেকে ৩০০ জন রোগী দেখতে হয়। ফলে তিনজনের রোগী একজনকেই দেখতে হচ্ছে। আর প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নেই বললেই চলে। শুধু প্যারাসিটামল ও অ্যান্টাসিডের সরবরাহ আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০৫ সালে কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আট বছরেও এর কার্যক্রম শুরু হয়নি। এখানে ২০ জন চিকিৎসক থাকার কথা। আছেন মাত্র দুজন। একজন মেডিকেল অফিসারকে প্রেষণে সিভিল সার্জন অফিসে নেওয়া হয়েছে। কনিষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক (অর্থোপেডিকস) রেজওয়ানুল বারী গত ১৭ জুন যোগদানের পর ছুটি নিয়ে চলে গেছেন। এখন শোনা যাচ্ছে, তিনি বদলি হয়েছেন।
পীতাম্বর রায় জানান, এক্স-রে মেশিন মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসক, নার্সসহ জনবলের অভাবে চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হচ্ছে না। প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের অভাবে প্রসূতিসেবা কার্যক্রম বন্ধ আছে।