লোকবল নেই, ২০ বছর বন্ধ বাংলা রেলস্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লাটফর্মের মেঝেতে শুকানো হচ্ছে ধান। পাশেই কয়েকজন লেপ-তোষক বানাচ্ছেন। এই চিত্র নেত্রকোনা সদর উপজেলার বাংলা রেলস্টেশনের। এখানে আন্তনগর ও লোকাল—কোনো ট্রেনই যাত্রাবিরতি করে না। লোকবল না থাকায় প্রায় ২০ বছর ধরেই স্টেশনটির কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে যাতায়াতের ক্ষেত্রে স্থানীয় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গত বুধবার সকালে সরেজমিনে গেলে স্থানীয় জামাল মিয়া বলেন, ‘গেট খোলা ছিল। আগে লোকজন এখানে গরু-ছাগল রাখত। আমরা এটি পরিষ্কার করে ধান শুকানোর কাজ করছি। চাইলে যেকোনো সময় এটি ছেড়ে দিতে পারি।’
বাংলা গ্রামের ব্যবসায়ী সেলিম আহমেদ বলেন, ‘ইস্টিশনটি চালু থাকলে ব্যবসায়ী ও ছাত্র-ছাত্রীদের জন্য খুবই উপকার হতো। আমাদের এলাকার অনেক ছেলে-মেয়ে নেত্রকোনায় পড়ালেখা করে। এরা কম পয়সায় ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পারত।’
ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে নেত্রকোনা বড় স্টেশন থেকে এটির দূরত্ব ছয় কিলোমিটার। দুই বছর আগে স্টেশনে নতুন ভবন নির্মাণ করা হলেও সেটি দখলে রেখেছেন স্থানীয় কয়েকজন। বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা বর্ণি গ্রামের ভুট্টো মিয়া বলেন, ‘ট্রেনই যদি না থামবে এত সুন্দর বিল্ডিং করে কী লাভ? এক মিনিটের জন্যও ট্রেন থামলে নিম্ন আয়ের মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের উপকার হতো।’
নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা খড় বিছিয়ে স্টেশন মাস্টারের কক্ষে শুয়ে ছিলেন। আনসার সদস্য মো. রিপন, শরবত আলী ও দীপক চৌহান জানান, রেলে সহিংসতা মোকাবিলায় সম্প্রতি তাঁদের এখানে দায়িত্ব দেওয়া হয়। কর্মকর্তারা তাঁদের এখানে থাকতে বলেছেন।
নেত্রকোনা রেলস্টেশনের মাস্টার রফি উদ্দিন প্রথম আলোকে জানান, আনুমানিক বিশ বছর ধরে স্টেশনটি কার্যত বন্ধ রয়েছে। বুকিং সহকারী না থাকলেও আগে মাঝেমধ্যে ট্রেন থামানো হতো। এখন তাও হয় না। তিনি বলেন, স্টেশনে অনুমোদিত পদের সংখ্যা চারটি। কত দিন ধরে স্টেশনে কেউ কর্মরত নেই তা বলা কঠিন। একজন বুকিং সহকারী ও একজন পোর্টার হলে দিনের বেলায় স্টেশনটি চালু করা সম্ভব।
রফি উদ্দিন আরও বলেন, ‘নিয়োগ-সংক্রান্ত চাহিদা পাঠানোর দায়িত্ব রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার। দুই বছর আগে স্টেশনে নতুন ভবন নির্মাণ হলেও সেটি হস্তান্তর হয়েছে কি না তাও বলতে পারছি না।’