লোকবল সংকটে উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার ফাউন্ড্রি শপে (উপকারখানা) লোকবল সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে ওই কারখানায় তৈরি করা যন্ত্রাংশের অভাবে রেল চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, ফাউন্ড্রি শপে ফেরাস ও নন ফেরাস ঢালাইয়ের কাজ হয়ে থাকে। এর মাধ্যমে তৈরি হয় রেলইঞ্জিন, ব্রেক, জ্বালানি তেলবাহী যান (বিটিও), বড় ও ছোট লাইনের ক্যারেজের যন্ত্রাংশ ইত্যাদি।
শপের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী এস এ নূরুল হুদা বলেন, ফাউন্ড্রি শপে লোকবল বা মঞ্জুরিপদ ১২৮টি। বর্তমানে আছেন মাত্র ৬১ জন। আগামী ডিসেম্বরের মধ্যে এ শপের আরও ছয় শ্রমিক অবসরে যাবেন। ফলে উৎপাদন ঘাটতিতে পড়বে শপটি। কারখানার ফাউন্ড্রি শপে যে যন্ত্রাংশ তৈরি হয় তা অন্য কোনো উৎস থেকে পাওয়া সম্ভব না। ফলে এখানে উৎপাদন ঘাটতি হলে সারা দেশে রেল চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। তিনি আরও বলেন, একটি ডিজেল ইঞ্জিনে (লোকোমোটিভ) ছয় জোড়া সাপোর্ট বিয়ারিং লাগে। এগুলো চলে সর্বোচ্চ তিন মাস। সে অনুযায়ী ফাউন্ড্রি শপে প্রতি কর্মদিবসে ৪০ জোড়া সাপোর্ট বিয়ারিং বানানোর লক্ষ্যমাত্রা আছে। আর মাসে সব ধরনের যন্ত্রাংশ তৈরি হওয়ার কথা চার হাজার পিস। কিন্তু লোকবল সংকট ও অর্থ বরাদ্দ কম হওয়ায় এখন মাসে দুই হাজারেরও কম যন্ত্রাংশ বানাতে হচ্ছে। গত আগস্টে এক হাজার ৭৭৫ পিস যন্ত্রাংশ তৈরি হয়েছে।
ফাউন্ড্রি শপের মিস্ত্রি মাহবুবার রহমান বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানায় ২৯টি উপকারখানার মধ্যে ফাউন্ড্রি শপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শপটি পুরোনো আমলের (ম্যানুয়াল) পদ্ধতিতে চলে। বিশাল চুল্লিতে উচ্চ তাপমাত্রায় গলানো হয় লোহা ও পিতল। এ লোহা ও পিতল ছাঁচে ঢেলে বানানো হয় এসব রেল যন্ত্রাংশ। সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন প্রকৌশলী (পিই) আমিনুল হাসান লোকবল সংকটে উৎপাদন কমে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। পশ্চিমাঞ্চল রেলের মহাপরিচালককে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।