লোকবল-সংকটে চার বছরেও শুরু হয়নি ৫০ শয্যার কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবল ও যন্ত্রপাতির সংকটে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার কার্যক্রম চালু করা যাচ্ছে না। একই কারণে এখানে স্ত্রীরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসকের বেশ কয়েকটি পদ শূন্য থাকায় এলাকাবাসী যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় সূত্র জানায়, ২০০৬ সালে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ৫০ শয্যার কার্যক্রম পরিচালনার জন্য ওই বছরই ছয় কোটি টাকার একটি নতুন দ্বিতল ভবনের কাজ শুরু হয়। ২০০৯ সালে ভবন নির্মাণের কাজ শেষ হয়। গত ৮ জুন ভবন নির্মাণের দায়িত্বে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়। কিন্তু লোকবল ও জরুরি যন্ত্রপাতির অভাবে এটি চালু সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যায় উন্নীত করার পর কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের পদসংখ্যাও বাড়ানো হয়। চিকিৎসা কর্মকর্তার পদ ৯ থেকে ২৮ এবং সেবিকার পদ ৯ থেকে ১৬ করা হয়। একই হারে কর্মকর্তা ও কর্মচারীদের পদও বাড়ানো হয়। কিন্তু এখন ২৮টি পদের বিপরীতে মাত্র ১৪ জন চিকিৎসক আছেন। সেবিকার ১৬ পদে কর্মরত সাতজন। ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্টের দুটি করে এবং ভান্ডাররক্ষকের একটি পদ কয়েক বছর ধরে শূন্য রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা গেছে, কমপ্লেক্সে দুই বছর ধরে অস্ত্রোপচারের কাজে ব্যবহূত ডায়াথারমি, জেনারেল এনেসথেসিয়া মেশিনসহ প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতি নেই। এক্স-রে মেশিনটি প্রায় সারা বছর বিকল থাকে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইসহাক মিয়া বলেন, লোকবল ও যন্ত্রপাতির সংকটে এখানে ৫০ শয্যার কার্যক্রম চালু করা যাচ্ছে না। এখন যা আছে তা দিয়ে ৩১ শয্যার হাসপাতালই চলে না। তিনি আরও জানান, প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতি চেয়ে সিভিল সার্জনের কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন পাঠানো হয়েছে।