লোকবল সংকটে জিয়ানগর প্রাণিসম্পদ কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানি গ্রামে আবুল বাশারের বাড়ি। দুধ খাওয়ার জন্য একটি গাভি ও হালচাষের জন্য দুটি বলদ রয়েছে তাঁর। এখন প্রাণী তিনটি তাঁর কাছে বোঝা।আবুল বাশারের ভাষ্যমতে, তাঁর গবাদিপশুর রোগব্যাধি হলে বেশির ভাগ সময় ২০ কিলোমিটার দূরে পিরোজপুর জেলা শহরে চিকিৎসার জন্য নিতে হয়। জিয়ানগরে পশুর চিকিৎসার জন্য ভালো চিকিৎসা পাওয়া যায় না।সরেজমিনে জিয়ানগর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে জানা গেছে, সেখানে একজন ভেটেরিনারি মাঠ সহকারী ও একজন ড্রেসার রয়েছেন। পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয়েও ভেটেরিনারি সার্জন নেই।পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অফিস সহকারী মো. জাহিদুল ইসলাম জানান, প্রতিটি উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, প্রাণিসম্পদ সহকারী, কৃত্রিম প্রজনন কর্মকর্তা, ভেটেরিনারি কম্পাউন্ডার, অফিস সহকারী, ড্রেসার, এমএলএসএস একজন করে ও ভেটেরিনারি মাঠ সহকারী ১৯ জন থাকার কথা। সেখানে শুধু নাজিরপুর ও মঠবাড়িয়া উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা এবং স্বরূপকাঠি ও মঠবাড়িয়া উপজেলায় ভেটেরিনারি সার্জন রয়েছেন।পিরোজপুর সদর উপজেলা ভেটেরিনারি মাঠ সহকারী মো. জুলফিকার বলেন, ‘এ উপজেলার ইউনিয়নের সংখ্যা সাতটি। বিশাল ইউনিয়নে আমরা তিনজন গবাদিপশুর সেবা দিয়ে আসছি।’জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খান মো. আবদুল হাই বলেন, ‘মাঠপর্যায়ে থাকা প্রাণিসম্পদ কার্যালয়ের লোকবলের অবস্থা খুবই করুণ। এর মধ্যেও আমরা গবাদিপশুর চিকিৎসাসেবা দিয়ে আসছি। তবে এ সেবা দিতে পশুর মালিকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।’ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, গবাদিপশুর চিকিৎসাসেবা দেওয়ার জন্য পশুসম্পদ কার্যালয়ের লোকবল বাড়ানো উচিত।