লোকবল-সংকটে ঝোলে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়টি এখন নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর অভাব এবং কর্মরতদের দায়িত্বে অবহেলায় এখান থেকে কোনো সেবাই পাচ্ছেন না বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন। মাঝেমধ্যে সরকারি কার্যদিবসেও কার্যালয়টি তালাবদ্ধ থাকে। গতকাল বুধবারও কার্যালয়টি বন্ধ ছিল।

স্থানীয় বাসিন্দা ও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ২৫ হাজার ৪৭৫টি গরু, ১৫৭টি ছাগল, ২৯ হাজার ২৫০টি মুরগি ও প্রায় দেড় লাখের মতো হাঁস রয়েছে। এদিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ১১ জন কর্মকর্তা-কর্মচারীর পদ আছে। এর মধ্যে কর্মরত আছেন মাত্র দুজন। তাঁরা হলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান ও অফিস সহায়ক আবদুর রহিম। এ ছাড়া একজন উপজেলা প্রাণিসম্পদ সহকারী, একজন ভেটেরিনারি সার্জন, তিনজন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, একজন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (কৃত্রিম প্রজনন), একজন কম্পাউন্ডার, একজন অফিস সহকারী ও একজন ড্রেসারের পদ দীর্ঘদিন ধরে শূন্য। ফলে ওই এলাকার গৃহপালিত পশু প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছে না। অসুখ হলে গ্রাম্য চিকিৎসক ও ওষুধের দোকানের ওপরই নির্ভর করতে হচ্ছে এসব পশুর মালিকদের।

স্থানীয় ব্যক্তিরা জানান, ঈদের ছুটির পর থেকে গতকাল পর্যন্ত এক দিনও কার্যালয়টি খোলা হয়নি। খালিয়াজুরির ফরিদপুর গ্রামের বাসিন্দা কৃষক শওকত আলী জানান, একটি রোগাক্রান্ত বাছুরের চিকিৎসার জন্য তিনি গত রোববার থেকে ওই কার্যালয়ে ঘুরছেন। কিন্তু কাউকে পাচ্ছেন না। দরজায় তালা ঝুলছে।

বল্লভপুর গ্রামের বাসিন্দা হেলাল মিয়া বলেন, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়টি খালিয়াজুরি উপজেলা সদর থেকে অন্তত ছয় কিলোমিটার দূরে লেপশিয়া বাজারে অবস্থিত। উপজেলা সদর থেকে দূরে হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা প্রায় দিনই আসেন না।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান গতকাল বেলা দেড়টার দিকে মুঠোফোনে বলেন, ‘আমি অফিসে আসছি। এখন রাস্তায়। একজন স্বেচ্ছাসেবী দিয়ে অফিস খোলা রাখা হচ্ছে।’ অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, লোকবল নেই। তাই একটু ঝামেলা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতি মাসে প্রতিবেদন পাঠানো হচ্ছে। কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শঙ্কর কুমার বসাক বলেন, লোকবল সংকটে একটু ঝামেলা হচ্ছে। তবে অবস্থা এতটা খারাপ হওয়ার কথা না। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান। তিনি আরও বলেন, কার্যালয়টিতে লোক নিয়োগের প্রক্রিয়া চলছে। হয়তো দুই-তিন মাসের মধ্যে জনবল সংকটের সমাধান মিলবে।