লোকবল সংকটে রেলের দুটি স্টেশনের কার্যক্রমস্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবল সংকটে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিসকা ও গৌরীপুর উপজেলার বোকাইনগর রেলওয়ে স্টেশনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। লোকবলের অভাবে ওই দুটি স্টেশনে ঠিকমতো টিকিট পাওয়া যায় না বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রতি মাসে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে সরকার।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিসকা রেলওয়ে স্টেশনে স্টেশনমাস্টারের কক্ষে একজন পয়েন্টসম্যান স্থানীয় কয়েকজনকে নিয়ে গল্পগুজব করছেন। পরে স্টেশনমাস্টারকে খবর পাঠিয়ে আনা হয়। এ সময় স্টেশনমাস্টার মো. শামছুল হক জানান, দুজন সহকারী স্টেশনমাস্টার, ছয়জন পয়েন্টসম্যান ও তিনজন কুলি থাকার কথা থাকলেও দুই বছর ধরে পদগুলো শূন্য থাকায় তিনি ও একজন মাত্র পয়েন্টসম্যান সামলাচ্ছেন স্টেশনের সব কার্যক্রম। তাঁর একার পক্ষে ২৪ ঘণ্টা স্টেশনে থাকা সম্ভব হয় না। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্টেশনের সব ধরনের কার্যক্রম। প্রায় ১০ মাস ধরে ট্রেনের সিগন্যাল নিয়ন্ত্রণ করা হচ্ছে না। ফলে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে স্থানীয় লোকজনকে।

এলাকাবাসীর কয়েকজন ও স্টেশনের দোকানদারেরা জানান, বিকেল চারটার পর টিকিট বিক্রিসহ স্টেশনের সব কার্যক্রম বন্ধ থাকে। ফলে যাত্রীরা বিনা টিকিটেই ট্রেনে চড়ছেন। প্রতিদিন কমপক্ষে ৫০০ যাত্রী বিসকা রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ, গৌরীপুর, কিশোরগঞ্জ, পূর্বধলা, নেত্রকোনা, বিরিশিরি, মোহনগঞ্জসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। কিন্তু স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় যাত্রীরা টিকিট কাটতে পারেন না। ফলে সরকারকে মোটা অঙ্কের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

 এলাকাবাসী আরও জানান, স্টেশনের কার্যক্রম স্থবির হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এই এলাকায় প্রচুর পরিমাণ মৌসুমি শাকসবজি উৎপাদিত হয়। এই শাকসবজি ট্রেনে করে ময়মনসিংহ শহর ও ঢাকায় পাঠানো হয়। কিন্তু স্টেশনের কার্যক্রম স্থবির হয়ে যাওয়ায় অনেক সময় শাকসবজি বুকিং করতে পারেন না ব্যবসায়ীরা। তখন স্টেশনমাস্টারকে বাড়ি থেকে ডেকে আনতে হয়।

একরামুল হক নামের এক যাত্রী বলেন, ‘কাউন্টার বন্ধ থাকায় অনেক সময় টিকিট না কেটেই ট্রেনে যাতায়াত করি। এতে অনেক সময় আমাদের ভোগান্তিতে পড়তে হয়। এ ছাড়া বিসকা স্টেশনে যাত্রীদের জন্য কোনো শৌচাগার না থাকায় বিশ্রামাগারটি বর্তমানে শৌচাগার হিসেবে ব্যবহূত হচ্ছে। স্টেশনের একটি মাত্র নলকূপ থাকলেও বছরের বেশির ভাগ সময়ই এটি নষ্ট থাকে।’

তবে মো. শামছুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, দুজন মাত্র লোকের পক্ষে ২৪ ঘণ্টা স্টেশনের কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয় না। প্রতিদিন গড়ে ১০০ টিকিট বিক্রি হয়। মে মাসে টিকিট বিক্রি করে আয় হয় ৫৩ হাজার টাকা। পর্যাপ্ত লোকবল থাকলে আয় দ্বিগুণ হতো।

গৌরীপুরের বোকাইনগর স্টেশনের অবস্থা আরও খারাপ। এই এলাকার কয়েকজন যাত্রী জানান, এখানে প্রায় ১২ বছর ধরে কোনো ধরনের দাপ্তরিক কার্যক্রম নেই। নেই কোনো স্টেশনমাস্টার। নিয়ম রক্ষার জন্যই সারা দিনে ছয়টি ট্রেন থামে। প্রতিটি ট্রেন এক মিনিটেরও কম সময় স্টেশনে অবস্থান করে। সারা দিন বসে থাকলেও যাত্রীরা জানতে পারেন না, কখন ট্রেন আসবে। বোকাইনগর স্টেশনটি গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার মাঝামাঝি হওয়ায় ট্রেনেই তাঁদের যাতায়াত সুবিধাজনক। কিন্তু স্টেশনটির কার্যক্রম বন্ধ থাকায় তাঁরা দুর্ভোগে পড়েছেন।

 ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের পরিবহন পরিদর্শক সাজ্জাত হোসেন প্রথম আলোকে বলেন, লোকবল সংকটের কারণে স্টেশন দুটির কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।