সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ১২টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোতে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অবকাঠামো ও লোকবল-সংকটের কারণে এ পরিস্থিতি বিরাজ করছে। আবার যেসব কেন্দ্রে লোকবলের সংকট নেই, সেগুলোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে চরাঞ্চলের কেন্দ্রগুলোতে এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে।উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নের সাতটি চর এলাকায়। এগুলো হচ্ছে মনসুর নগর, খাসরাজবাড়ী, চরগিরিশ, নিশ্চিন্তপুর, নাটুয়াপাড়া, শুভগাছা ও তেকানী। এর মধ্যে মনসুরনগর, চরগিরিশ ও শুভগাছায় কেন্দ্রের কোনো ভবন নেই। স্থানীয় ইউনিয়ন পরিষদের কার্যালয়গুলোতে জোড়াতালি দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। এর মধ্যে চরগিরিশ কেন্দ্রে কোনো লোকবলই নেই। এ কারণে কেন্দ্রটি বন্ধ রয়েছে। বাকি কেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন করেন না। কোথাও কোথাও পিয়নরা দায়িত্ব পালন করে। গান্ধাইল ইউনিয়নের কেন্দ্রের কার্যক্রম একটি পরিত্যক্ত ভবনে পরিচালনা করা হচ্ছে। এ কারণে এখানে অনেক রোগী ভয়ে আসতে চায় না।পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে আরও জানা গেছে, স্থলভাগের ইউনিয়নগুলো হচ্ছে কাজীপুর সদর, সোনামুখী, চালিতাডাঙ্গা, গান্ধাইল, মাইঝবাড়ী। এর মধ্যে সদর ও মাইঝবাড়ীর কেন্দ্রের ভবন বা ঘর নেই। দীর্ঘদিন আগে যমুনা নদীর ভাঙনে বিলীন হওয়ার পর আর এই কেন্দ্রগুলোর ভবন নির্মাণ করা হয়নি। প্রতিটি কেন্দ্রে পাঁচটি পদ রয়েছে। এগুলো হচ্ছে চিকিৎসা সহকারী, পরিবারকল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিস্ট, আয়া ও পিয়ন। এসব কেন্দ্রের কোনোটিতেই ফার্মাসিস্ট নেই। এসব কেন্দ্রে এসে মা ও শিশু এবং অন্য রোগীদের সাধারণ স্বাস্থ্যসেবা পাওয়ার কথা।নিশ্চিন্তপুর ইউনিয়নের মেনহাজ উদ্দীন, খাসরাজবাড়ী ইউনিয়নের জয়নাল আবেদীন এবং তেকানী ইউনিয়নের আবদুর রউফ অভিযোগ করেন, চিকিৎসা সহকারী ও পরিদর্শিকারা সপ্তাহে বা মাসে একদিন কর্মস্থলে আসেন। অনেক সময় চিকিৎসক না আসায় পিয়নরা ওষুধ বা চিকিৎসাসেবা দিয়ে থাকেন। এ কারণে চরাঞ্চলের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখন মানুষকে স্থানীয় কবিরাজ আর গ্রাম্য চিকিৎসকদের ওপর নির্ভর করতে হচ্ছে। সঠিক চিকিৎসার অভাবে এক বছরে চরাঞ্চলের তিনজন প্রসূতি মারা গেছেন।নিশ্চিন্তপুর ইউনিয়ন কেন্দ্রের পরিদর্শক শিরিন সুলতানা বলেন, ‘গুরুতর অসুস্থ হওয়ায় সিরাজগঞ্জ শহরে বসবাস করছি। আমার পক্ষে এখন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অফিস করা সম্ভব নয়।’ তেকানী ইউনিয়নের চিকিৎসা সহকারী আবদুল মান্নান বলেন, ‘অসুস্থ হওয়ায় একা চলাফেরা করতে পারি না। ভাবছি চাকরি ছেড়ে দেব।’ এই কেন্দ্রের পিয়ন আবদুল আজিজ বলেন, ‘চিকিৎসা সহকারীরা না আসায় মাঝেমধ্যে আমি নিজেই রোগীদের ওষুধ দিয়ে থাকি।’উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর বলেন, চরাঞ্চলের কেন্দ্রগুলোর কর্মকর্তারা দূর থেকে অনিয়মিত অফিস করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা পাওয়ায় খাসরাজবাড়ী ইউনিয়নের দুজনের বেতন বন্ধ রাখা হয়েছে। সার্বিক বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। পুরোনো জীর্ণশীর্ণ ভবনগুলো মেরামত করার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। অচিরেই কাজ শুরু হবে।