লোকবলসংকটে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা লোকবলসংকটে পড়েছে। যেকোনো সময় কারখানাটিতে মেরামত, উৎপাদন ও রক্ষণাবেক্ষণকাজ মুখ থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সৈয়দপুর রেলওয়ে কারখানার জুনিয়র পার্সোনেল অফিসার (জেপিও) আবদুল ওয়াদুদ হাওলাদার বলেন, কারখানায় কর্মকর্তা-কর্মচারী পদের সংখ্যা ২ হাজার ৮৩৪ জন। সেই জায়গায় কর্মরত আছেন ১ হাজার ২৪৩ জন। আগামী ডিসেম্বর নাগাদ আরও ২০ জন শ্রমিক-কর্মচারী অবসরে যাবেন। ২০১৭ সালে সব মিলিয়ে অবসর নেবেন ১২১ জন। ফলে কারখানায় লোকবল দাঁড়াবে মাত্র ১ হাজার ১০২ জন। এর মধ্যে নিয়োগ-প্রক্রিয়া শুরু করা না গেলে আরও সংকট সৃষ্টি হবে। এতে যেকোনো সময় কারখানার কাজ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
সৈয়দপুর কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন বলেন, সংকট নিরসনে অবশ্যই উদ্যোগ রয়েছে। তবে এসব দেখার দায়িত্ব নীতিনির্ধারকদের।
রেলওয়ে সূত্র জানায়, সৈয়দপুর কারখানায় মিটারগেজ ও ব্রডগেজ কোচ মেরামত, ওয়াগন মেরামত, ১০০ ধরনের যন্ত্রাংশ তৈরিসহ রেলইঞ্জিনের প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করা হয়। প্রতিদিন গড়ে দুটি করে রেলওয়ে কোচ, পাঁচটি ওয়াগন মেরামতের লক্ষ্যমাত্রা রয়েছে এই কারখানায়। কিন্তু লোকবলসংকটে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে।
শ্রমিক লীগের সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক মোখছেদুল মোমিন বলেন, ‘শত সংকট সত্ত্বেও আমরা কারখানায় মেরামত ও উৎপাদনকাজ অব্যাহত রেখেছি। কিন্তু এভাবে দীর্ঘদিন চলতে পারে না। অবিলম্বে লোকবল নিয়োগ করা না হলে সংকটে পড়বে কারখানা।’ রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ রোবায়তুর রহমান বলেন, কারখানাটির দিকে ভালোভাবে নজর দিচ্ছে না কর্তৃপক্ষ। ফলে প্রতিদিনই নতুন নতুন সংকট সৃষ্টি হচ্ছে। তিনি অবিলম্বে কারখানায় শ্রমিক নিয়োগের দাবি জানান।
রেলমন্ত্রী মুজিবুল হক সম্প্রতি প্রথম আলোকে বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানাসহ রেলওয়েতে নিয়োগ-প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচেষ্ট রয়েছেন। রেলের উন্নয়নে ব্যাপক বরাদ্দ মিলেছে। ভারতীয় অর্থায়নে সৈয়দপুরে আরও একটি নতুন রেলকোচ কারখানা নির্মাণ করা হবে। সে ক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।