চিকিৎসকসহ বিভিন্ন বিভাগে লোকবলসংকটে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। আড়াই বছর আগে এটিকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও সে অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি। সার্জারি বিশেষজ্ঞ ও অবেদনবিদ না থাকায় এখানে অস্ত্রোপচারও বন্ধ।
স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. সুহেদ আহমদ বলেন, এখানে ৫০ শয্যার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। তবে ৫০ শয্যার জনবলকাঠামো অনুযায়ী প্রথম শ্রেণির ২১ পদের বিপরীতে জুনিয়র কনসালট্যান্টের ছয়টি পদই শূন্য রয়েছে। এগুলো হচ্ছে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), মেডিসিন, সার্জারি, অ্যানেসথেটিস্ট (অবেদনবিদ), চক্ষু এবং চর্ম ও যৌন বিশেষজ্ঞের পদ। জ্যেষ্ঠ স্টাফ নার্সের ১৫টি পদের মধ্যে ১১টি এবং চারটি মিডওয়াইফারি পদের বিপরীতে একটি পদ শূন্য রয়েছে। তৃতীয় শ্রেণির ৯৬টি পদের মধ্যে ২৪টি পদই শূন্য। চতুর্থ শ্রেণির ২৭টি পদের বিপরীতে শূন্য পদ রয়েছে ১৩টি। সব মিলিয়ে ১৬৪টি অনুমোদিত পদের বিপরীতে ৫৫টি পদই শূন্য রয়েছে।
১১ ডিসেম্বর দুপুরে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বারান্দায় পানের পিক, পরিত্যক্ত প্লাস্টিক ও ছেঁড়া কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুরুষ ও মহিলা ওয়ার্ড অপরিচ্ছন্ন। শৌচাগারগুলোর অবস্থা শোচনীয়।
পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখতে পারার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, এমএলএসএসের চারটি ও ঝাড়ুদারের পাঁচটি করে পদের বিপরীতে তিনটি করে পদ শূন্য রয়েছে।
বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শফিকুর রহমান নামের এক রোগীর অভিভাবক বলেন, শয্যাসংকটের কারণে অনেক সময় রোগীদের হাসপাতালে ভর্তি নেওয়া হয় না।
স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক বলেন, সার্জারি ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ না থাকায় সব ধরনের সুযোগ থাকা সত্ত্বেও হাসপাতালে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না।
স্বাস্থ্য কমপ্লেক্সের আরও কয়েকজন চিকিৎসক বলেন, আর্থিক অনুমোদন না মেলায় এখানে এখনো ৩১ শয্যায় রোগী ভর্তি করা হয়। কারণ, ৫০ শয্যার সুযোগ-সুবিধার অনুযায়ী এখানে খাবার ও ওষুধ সরবরাহ করা হয় না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তউহীদ আহমদ বলেন, বছরে চাহিদার বিপরীতে ওষুধ সরবরাহ করা হয় ৫০-৫৫ শতাংশ। এতে হাসপাতালে ওষুধসংকট কিছুটা রয়েই যায়। তীব্র লোকবলসংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও একাধিকার জানানো হয়েছে।