লোকবলসংকটে সেন্ট মার্টিন হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের ১০ শয্যার হাসপাতালটি এখন মাদকসেবীদের আড্ডাস্থল ও গরু-ছাগলের চারণভূমিতে পরিণত হয়েছে। প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির অভাবে এই হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৯ ফেব্রুয়ারি হাসপাতালটি চালু হয়। এখানে চিকিৎসকের চারটি পদ থাকলেও তিনটি শূন্য। এ ছাড়া হাসপাতালে সেবক-সেবিকার ছয়টি পদ থাকলেও সব কটি শূন্য। ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, ওয়ার্ডবয়, এমএলএসএস, আয়া, পিয়ন, ভান্ডাররক্ষক, ঝাড়ুদারের বেশ কিছু পদ শূন্য। দ্বীপের কয়েকজন বাসিন্দা জানান, দ্বীপ থেকে ৩৪ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাসেবা নেওয়া কষ্টকর ব্যাপার। দ্বীপে আসা পর্যটক কাদের হোসেন ও খলিলুর রহমান চৌধুরী বলেন, দ্বীপের একমাত্র হাসপাতালটি অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে।সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ খান বলেন, ছয় কোটি টাকায় নির্মিত এই হাসপাতালটি তেমন কোনো কাজে আসছে না। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা জয় দত্ত বড়ুয়া বলেন, হাসপাতালটি নামেমাত্র চালু হলেও অন্তর্বিভাগ এখনো চালু হয়নি। হাসপাতাল চত্বরে মাদকসেবী ও গরু-ছাগলের অবাধ বিচরণের কথা তিনি স্বীকারও করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাফ্ফর আহমদ বলেন, হাসপাতালে একজন চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে বহির্বিভাগে রোগী দেখা হয়। কক্সবাজারের সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া জানান, ওই হাসপাতালে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কয়েকবার চিঠি পাঠানো হয়েছে।