লোকবলের অভাবে অস্ত্রোপচার ও এক্স-রে হচ্ছে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় লোকবলের অভাবে অস্ত্রোপচার ও এক্স-রের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ। ফলে চিকিৎসা নিতে আসা লোকজনকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ৩১ শয্যার কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০৬ সালে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু এখনো তা ৩১ শয্যা হিসেবেই চলছে। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসকসহ অন্য কর্মকর্তাদের অনুমোদিত পদ হচ্ছে ৩৮টি। অথচ কর্মরত আছেন মাত্র ২১ জন। এর মধ্যে গুরুত্বপূর্ণ গাইনি, সার্জারি, মেডিসিন, অর্থোপেডিক্স, চক্ষু ও অ্যানেসথেসিয়া বিভাগে দীর্ঘদিন ধরে জুনিয়র কনসালট্যান্ট নেই। এ ছাড়া জরুরি, প্যাথলজি ও অ্যানেসথেসিয়া বিভাগের সহকারী সার্জনের পদও শূন্য। টেকনোলজিস্ট অন্যত্র বদলি হওয়ায় ২০০৬ সাল থেকে এক্স-রের কাজ হচ্ছে না। স্বাস্থ্য কমপ্লেক্সে কুলাউড়া পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী জুড়ী উপজেলার (জুড়ীতে স্বাস্থ্য কমপ্লেক্স এখনো নির্মিত হয়নি) ছয়টি ইউনিয়নের লোকজন চিকিৎসাসেবা নেয়।সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম তলায় চারটি অস্ত্রোপচার কক্ষ স্থাপন করা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের আধুনিক সরঞ্জাম অব্যবহূত অবস্থায় পড়ে আছে। প্রতিটি কক্ষে একটি করে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র লাগানো। নিচতলায় এক্স-রের কক্ষটি তালাবদ্ধ। জানালার গ্লাস দিয়ে কক্ষটির ভেতরে কিছু ওষুধপত্রের বাক্স ফেলে রাখা দেখা যায়।বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা লোকমান মিয়া (৪৫) জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী একটি বেসরকারি রোগনির্ণয় কেন্দ্র থেকে তাঁকে টাকা দিয়ে বুকের এক্স-রে করাতে হয়েছে। চিকিৎসককে এটির প্রতিবেদন দেখিয়ে ব্যবস্থাপত্র নেবেন তিনি।সর্দিজ্বরে অসুস্থ তিন বছরের মেয়েকে নিয়ে আসা গৃহিণী কুলসুমা আক্তার (৪০) বলেন, ‘অউ বাইচ্চাটা (মেয়ে) ডেলিভারির সময় সিজার (অস্ত্রোপচার) লাগছে। আসপাতালো আইছলাম। ডাখতরে খইলা সিজার অইতো নায়, অন্যখানো যাউক্কা। পরে প্রাইভেট আসপাতালো গেলাম। ১৫-২০ হাজার টেখা (টাকা) দিতে অইছে।’ স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ সেবিকা রোশনা বেগম জানান, প্রতিদিনই কমবেশি অস্ত্রোপচারের রোগীরা আসে। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের মৌলভীবাজারের সদর হাসপাতাল অথবা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চলে যেতে পরামর্শ দেওয়া হয়। অস্ত্রোপচারের কাজে ব্লাড ব্যাংকের দরকার। সে ব্যবস্থাও এখানে নেই।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অমিতাভ দে লোকবলের সংকটের সত্যতা স্বীকার করে জানান, সমস্যাটি বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।মৌলভীবাজারের সিভিল সার্জন গোলাম রাজ্জাক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘লোকবল চেয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দিয়েছি। কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না।’