লোকবলের অভাবে চিকিৎসাসেবা বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবলের অভাবে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রে চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে। এখানকার কর্মকর্তা-কর্মচারীর ১১টি পদের বিপরীতে রয়েছেন চারজন। এ কেন্দ্রে তিনজন মাঠকর্মীর (ভিএফএ) পদ থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র একজন। তিনিও ১০ বছর ধরে প্রেষণে রয়েছেন। ফলে মাঠপর্যায়ে হ-য-ব-র-ল অবস্থা দেখা দিয়েছে। উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একজন ভেটেরিনারি সার্জন (ভিএস), একজন উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট (ইউএলএ), একজন কম্পাউন্ডার, দুজন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ), একজন ড্রেসার ও একজন এমএলএসএসের পদ শূন্য রয়েছে। এ কেন্দ্রের মাঠকর্মী মো. হুমায়ুন কবীর ২০০২ সালের ২ এপ্রিল থেকে কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রেষণে রয়েছেন। এ কার্যালয়ে কোনো মাঠকর্মী না থাকায় দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে ঋণ আদায়, গবাদি পশুকে টিকা (ভ্যাকসিন) দেওয়া, খামার গঠনে উৎসাহ প্রদানসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। পাইকুরাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান বলেন, লোকবল না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘যেখানে প্রয়োজনের চেয়ে লোকবল কম, সেখান থেকে একজন মাঠকর্মীকে কীভাবে এত বছর ধরে অন্যত্র প্রেষণে রাখা হলো বুঝতে পারছি না। আগামী মাসিক সমন্বয় কমিটির সভায় এ বিষয়টি নিয়ে কথা বলব।’ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) মো. ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, লোকবল কম থাকায় চিকিৎসাসেবা ও সম্প্রসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কোনো রকমে জোড়াতালি দিয়ে যাবতীয় কার্যক্রম চালাতে হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।