লোকবলের অভাবে বিঘ্নিত চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবলের অভাবে কিশোরগঞ্জের নিকলী উপজেলার প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রে চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে। এখানকার কর্মকর্তা-কর্মচারীর ১১টি পদের বিপরীতে রয়েছেন পাঁচজন।
এই কেন্দ্রে তিনজন মাঠ সহকারীর (ভিএফএ) পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন দুজন। নিকলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার একটি পদ থাকলেও তিনি ২০১২ সালের আগস্ট মাস থেকে প্রেষণে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় রয়েছেন। ফলে উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রে হ-য-ব-র-ল অবস্থা দেখা দিয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুটি ভেটেরিনারি সার্জনের (ভিএস) পদ, একটি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ), একটি কৃত্রিম প্রজনন কর্মকর্তা এবং একটি ডেটা এন্ট্রি কর্মকর্তার পদ শূন্য রয়েছে। নিকলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এ জলিল ২০১২ সালের আগস্ট থেকে প্রেষণে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় রয়েছেন। কর্মকর্তা না থাকায় মাঠপর্যায়ে ঋণ আদায়, গবাদি পশুকে টিকা (ভ্যাকসিন) দেওয়া, হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠায় উৎসাহ দেওয়াসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন হাঁসের খামারি অভিযোগ করে বলেন, কর্মকর্তা না থাকায় মাঠকর্মীরা ঠিকমতো কাজ করেন না। খামারে গেলেও ফির নাম করে তাঁরা ৩০০ থেকে ৪০০ টাকা নেন।
নিকলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন বলেন, ‘লোকবল না থাকায় গবাদিপশু, হাঁস-মুরগির চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। যেখানে চাহিদার চেয়েও লোকবল কম, সেখান থেকে প্রধান কর্মকর্তাকে কীভাবে চার বছর ধরে অন্যত্র নিয়ে রাখা হলো বুঝতে পারছি না। জুলাই মাসের উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিষয়টি নিয়ে কথা বলব।’
প্রেষণে থাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) এম এ জলিল বলেন, লোকবল কম থাকায় চিকিৎসাসেবা ও সম্প্রসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। পদ শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কয়েকবার লিখিত জানানো হয়েছে।