প্রয়াত লোকমান হোসেন ছিলেন নরসিংদীর পৌরসভার টানা দুবারের মেয়র। তাঁকে শহর উন্নয়নের সংস্কারকও ভাবা হয়। ২০১১ সালের ১ নভেম্বর দুর্বৃত্তরা গুলি চালিয়ে লোকমানকে হত্যা করে। শূন্য পদে উপনির্বাচনে জয়ী হন লোকমানের ছোট ভাই কামরুজ্জামান।
বলা হয়, সেই সময় জয় হয়েছিল আবেগের। লোকমান হত্যার প্রতিবাদ ও সহানুভূতিশীল হয়ে মানুষ তখন কামরুজ্জামানকে ভোট দেন। এবার সদর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী লোকমানের স্ত্রী তামান্না নুসরাত। দলে তাঁর কোনো পদ নেই। তিনিও স্বামীর প্রতি মানুষের আবেগ কাজে লাগিয়ে বিজয়ী হতে লড়ছেন।
অপরদিকে বিএনপির সমর্থন পেয়েছেন দলটির জেলা শাখার সহসভাপতি মঞ্জুর এলাহী। তিনি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। ভোটাররা বলছেন, জয় পাওয়ার অনেক ইতিবাচক দিক আছে তাঁর। তবে ভয় লোকমান-প্রসঙ্গ।
সদর উপজেলায় ভোট গ্রহণ ৩১ মার্চ। চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৩ মার্চ প্রতীক বরাদ্দ হবে। আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই প্রার্থী ছাড়া অন্যরা হলেন খেলাফত মজলিসের জেলা সভাপতি আবদুল ওহাব মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী মোহামঞ্চদ হাবিব উল্লাহ।
তামান্না এসএসসি পাস। স্বামীর মৃত্যুর পর তিনি বাংলাদেশ পাওয়ারলুম অ্যাসোসিয়েশনের সভাপতি হন। মঞ্জুর স্নাতক পাস। তামান্নার চেয়ে সম্পদও তাঁর বেশি। চার প্রার্থীর কারও বিরুদ্ধে কোনো মামলা নেই। অনেকের মন্তব্য, ভোট আদায়ে তামান্নার প্রধান পুঁজি তাঁর প্রয়াত স্বামী লোকমান।
সম্প্রতি উপজেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে লক্ষ করা গেছে, নির্বাচনী আমেজ তেমন নেই। তবে লোকমান ও তামান্নার প্রার্থী হওয়ার ব্যাপারে অনেকে আলোচনা করছেন।
সদর উপজেলা সড়কের কাছে কথা হয় আইনজীবী কাজী নাজমুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘আমি কেন, সবাই মনে করে, লোকমানের স্ত্রী—এটিই তামান্নার প্রধান যোগ্যতা।’
পূর্ব ভেলানগর মহল্লার ব্যবসায়ী শরীফ ইকবাল (৩২) বলেন, ‘ধারণা করছি, লোকমানের প্রতি সহানুভূতির জায়গা থেকে ভোটাররা তামান্নাকে ভোট দেবেন।’ ভোটে লোকমান ইস্যু প্রভাব ফেলতে পারে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামানও। তবে তাঁর মতে, তামান্নার সঙ্গে আছে আওয়ামী লীগের মতো বড় দলের সমর্থন।
জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থীর প্লাস পয়েন্ট, তিনি লোকমানের স্ত্রী। এখানে আমাদেরও প্লাস পয়েন্ট আছে। তা হলো, এর আগে মানুষ আবেগের বশে লোকমানের ভাই কামরুজ্জামানকে মেয়র নির্বাচিত করেন, এখন তাঁরা নিজেদের ভুল বুঝতে পারছেন।’