১১ মাস পর আগামী রোববার নরসিংদী আসছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। কিন্তু একই দিন নরসিংদীর মেয়র লোকমান হোসেনের হত্যাকারীদের বিচারের দাবিতে জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জনবন্ধু লোকমান সংগ্রাম পরিষদ। গতকাল বুধবার সন্ধ্যায় নরসিংদীর পৌরসভা মিলনায়তনে সংগ্রাম পরিষদের সভা শেষে মেয়র কামরুজ্জামান হরতালসহ তিন দিনের কর্মসূচির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। কর্মসূচিতে হরতাল ছাড়াও রয়েছে শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ এবং শনিবার বিক্ষোভ মিছিল।কর্মসংস্থানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান বলেন, ‘হরতালের কথা আমিও শুনেছি। এই কর্মসূচি মন্ত্রীর সফরে বিশৃঙ্খলা সৃষ্টির একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।’নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান বলেন, এই কর্মসূচি কোনো বিশেষ ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, লোকমান হোসেন হত্যার বিচারের দাবিতে।