লোকমানের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল দুপুরে শহরের জেলখানা চত্বরে মানববন্ধন করে ‘লোকমান সংগ্রাম পরিষদ’। কর্মসূচি চলাকালে জেলখানা থেকে শহরের শিক্ষা চত্বর পর্যন্ত মানবপ্রাচীর সৃষ্টি করা হয় l ছবি: প্রথম আলো
নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল দুপুরে শহরের জেলখানা চত্বরে মানববন্ধন করে ‘লোকমান সংগ্রাম পরিষদ’। কর্মসূচি চলাকালে জেলখানা থেকে শহরের শিক্ষা চত্বর পর্যন্ত মানবপ্রাচীর সৃষ্টি করা হয় l ছবি: প্রথম আলো

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের জেলখানা চত্বরে এই কর্মসূচি আহ্বান করে ‘লোকমান সংগ্রাম পরিষদ’। এতে লোকমান পরিবারের সদস্যসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে জেলখানা চত্বর থেকে শুরু হয়ে শহরের শিক্ষা চত্বর পর্যন্ত মানবপ্রাচীর সৃষ্টি করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে লোকমানের ছোট ভাই পৌর মেয়র কামরুজ্জামান বলেন, ‘আমার বড় ভাই লোকমান হোসেন ছিলেন নরসিংদীর জনপ্রিয় মেয়র। আজকের নরসিংদীর আধুনিক শহরের রূপকার ছিলেন লোকমান হোসেন। রাজনৈতিক অঙ্গনেও তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। অতি জনপ্রিয়তা লোকমান হোসেনের জন্য কাল হয়। নানা হিসাব-নিকাশের কারণে একটি মহল পরিকল্পিতভাবে আমার ভাইকে গুলি করে হত্যা করে। দুঃখজনক হলেও সত্য হত্যাকাণ্ডের পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো অভিযুক্ত ব্যক্তিদের বিচার হয়নি।’
লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত আক্ষেপ করে বলেন, ‘লোকমানের খুনিরা এখন আমাদের চারপাশে প্রকাশ্যে ঘোরাফেরা করে। কিন্তু কিছুই করার নেই। অভিযুক্ত ব্যক্তিদের বিচার শেষ না হওয়া পর্যন্ত নরসিংদী কলঙ্কমুক্ত হবে না।’
কর্মসূচিতে আরও বক্তব্য দেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূইয়া, প্রচার সম্পাদক আলী হোসেন, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ প্রমুখ।
২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারান। হত্যাকাণ্ডে প্রতিবাদে শহরবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন।