নরসিংদী পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে গতকাল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও নিহত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান পেয়েছেন ‘কাপ-পিরিচ’ প্রতীক। ওই প্রতীক নিয়ে নির্বাচন করে মেয়র হয়েছিলেন লোকমান।গতকাল বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন নরসিংদী নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা।নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গতকাল প্রথমে শহর আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেনকে দেয়ালঘড়ি প্রতীক বরাদ্দ দেওয়া হয়। শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া ও ছাত্রদলের সাবেক নেতা মোছাব্বের আহমেদ আনারস প্রতীকের জন্য আবেদন করেন। পরে সমঝোতার ভিত্তিতে মোন্তাজ আনারস ও মোছাব্বের দোয়াত-কলম প্রতীক নেন। ‘কাপ-পিরিচ’ প্রতীকের জন্য অন্য তিন প্রার্থী কামরুজ্জামান, আরিফুল ইসলাম ও আফজাল হোসেনের মধ্যে প্রতিযোগিতা হয়।কামরুজ্জামান বড় ভাই লোকমানের নির্বাচনী প্রতীক ‘কাপ-পিরিচ’ নিয়ে নির্বাচন করার সুযোগ দেওয়ার অনুরোধ জানালে অন্য দুই প্রার্থী তা মেনে নেন। পরে আফজালকে টেলিফোন ও আরিফুলকে চশমা প্রতীক বরাদ্দ দেওয়া হয়।এ সময় প্রার্থীদের উদ্দেশে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা আবদুল অদুদ বলেন, এখন থেকে প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। তবে নির্বাচনী প্রচারে কোনো মন্ত্রী বা সমমর্যাদার কেউ অংশ নিতে পারবেন না। স্থানীয় সাংসদ অংশ নিলেও কোনো সমাবেশ, মোটরসাইকেল মহড়া, মিছিল বা মঞ্চ তৈরি করা যাবে না। কোথাও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য প্রতি তিনটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তাঁরা এগুলো পর্যবেক্ষণ করবেন।প্রতীক বরাদ্দ পাওয়ার পর কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নরসিংদীবাসী কাপ-পিরিচ মার্কায় ভোট দিয়ে আমার ভাই লোকমান হোসেনকে যেভাবে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন, ঠিক তেমনি ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমাকেও বিপুল ভোটে বিজয়ী করবেন বলে বিশ্বাস করি। আমি ভাইয়ের আদর্শে পৌরবাসীর সেবা করতে চাই। পৌরবাসী যেভাবে চাইবেন, আমি সেভাবে কাজ করে যাব।’অপর প্রার্থী আওয়ামী লীগের নেতা মোন্তাজ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘প্রার্থী বিবেচনায় ইতিমধ্যে আমি পৌরবাসীর হূদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছি। আশা করছি, পৌরবাসী ভোটবিপ্লবের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন।’