শীতের সন্ধ্যায় লোকসংগীত উপভোগ করতে বিপুল শ্রোতার সামাগম ঘটেছিল গতকাল সোমবার শিল্পকলা একডেমী প্রাঙ্গণে। কাল থেকেই এখানে একাডেমীর আয়োজনে শুরু হয়েছে সাত দিনের লোকসংগীত উত্সব। বাংলার এই মাটির গানকে শহরের মানুষের কাছে আরও বেশি পরিচিত ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এ আয়োজন। প্রতিদিনই এখানে যেমন থাকবে লোকগানের আসর, সেই সঙ্গে থাকবে একজন করে লোকসাধক নিয়ে আলোচনা। উত্সবের প্রতিটি দিন একেকজন সাধকের নামে উত্স্বর্গ করা হবে। তাঁকে নিয়ে থাকছে আলোচনা ও তাঁদের গান। এই সাতজন লোকসাধক হলেন শাহ আবদুল করিম, রাধারমণ দত্ত, বিজয় সরকার, হাছন রাজা, জালাল খাঁ, কবিয়াল রমেশ শীল ও লালন শাহ। উত্সবের উদ্বোধনী সন্ধ্যায় ছিল শাহ আবদুল করিমকে নিয়ে আলোচনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। স্বাগত বক্তব্য দেন সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক মাহমুদ সেলিম। এরপর শাহ আবদুল করিমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সুমন দাস। এর পরে গানের পালা।সমবেত কণ্ঠে ‘গেরামের নওজোয়ান হিন্দু মুসলমান’ গানটি দিয়ে এ পর্বের শুরু। শাহ আবদুল করিমের এই অসাম্প্রদায়িক গানে শ্রোতারা মেতে ওঠে। কেউ গুনগুনিয়ে, কেউবা উচ্চ স্ব্বরে নেচে নেচে কণ্ঠ মেলায় শিল্পীদের সঙ্গে। লোকগান যে গণমানুষের প্রাণের গান, তাও প্রমাণিত হয়ে যায় আবার। সমবেত এই গান শেষে মঞ্চে আসেন লোকসাধক শাহ আবদুল করিমের শিষ্য আবদুর রহমান। তিনি পরিবেশন করেন ‘মন মজালে ওরে বাউলা গান’, ‘মানুষ যদি হইতে চাও কর মানুষের ভজন’, ‘বন্দে মায়া লাগাইছে’সহ চারটি গান। শিল্পী বশির আহমেদ পরিবশন করেন ‘রঙের দুনিয়া তরে চাই না’, ‘সরল তুমি নাম তোমার সরলা’। শিল্পী সুতপা রায় পরিবেশন করেন ‘হাত বান্ধিবা পা বান্ধিবা’, ‘কী দেখিলাম জলের ঘাটে’। এরপর আরও অনেকেই লোকগান পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন। কাল উত্সবে শাহ আবদুল করিমের গান, মিশ্র লোকসংগীত ও নৃত্য পরিবেশিত হয়।আজ লোকসংগীত উত্সবে বিকেল পাঁচটায় থাকবে রাধারমণ দত্তকে নিয়ে আলোচনা, গান এবং মিশ্র লোকসংগীত ও নৃত্য।শিশুদের চলচ্চিত্র উত্সব পরিণত হচ্ছে সবার উত্সবে‘এ উত্সবে আমার নির্মিত একটি মিউজিক ভিডিও প্রদর্শিত হচ্ছে। আমরা এবার পারিবারিক ভ্রমণে ইউরোপ গিয়েছিলাম। তখন অনেক ভিডিও করেছিলাম। এতে আমি সেসব ফুটেজ ব্যবহার করেছি।’ বলছিল তৃতীয় চলচ্চিত্র উত্সবে অংশগ্রহণকারী শিশু চলচ্চিত্র নির্মাতা মিথিলা। গতকাল জাতীয় জাদুঘর প্রাঙ্গণে কথা হয় তার সঙ্গে। সে একই সঙ্গে এ উত্সবে বিচারকের দায়িত্বও পালন করছে। অর্থাত্ এ উত্সবে শিশুরা শুধু দর্শক নয়, তারা একই সঙ্গে নির্মাতা এবং বিচারকও।শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে গিয়ে দেখা গেল, শিশুরা চলচ্চিত্র দেখতে আসছে দলে দলে। তারা উপভোগ করছে দেশ-বিদেশের চলচ্চিত্র, অংশ নিচ্ছে সেমিনার ও কর্মশালায়। আবার এসবের ফাঁকে ফাঁকে নিজেদের মধ্যে গল্প করছে এবং দৌড়ঝাঁপ করছে খোলা আকাশের নিচে।এই পরিবেশই বলছিল, চলচ্চিত্র উত্সব নগরবাসী প্রায় গৃহবন্দী শিশুদের চলচ্চিত্র উপভোগের পাশাপাশি দিয়েছে মুক্তির আনন্দ। আবার ঢাকার বাইরে থেকে যেসব শিশু এ উত্সবে যোগ দিয়েছে, তাদের আনন্দ অন্যরকম। ‘গুণীজনদের সঙ্গে আড্ডা’ পর্বে ড. মেহতাব খানমের এক প্রশ্নের জবাবে সমস্বরে সবাই বলেছে, ‘ঢাকা ভালো না। নোংরা। তবে উত্সব ভালো, উত্সবের পরিবেশ খুব ভালো।’ এই আড্ডা গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়। আড্ডা ছাড়াও দিনব্যাপী কর্মশালায় ‘চলচ্চিত্রের মৌলিক ধারণা’, ‘চলচ্চিত্র নির্মাণের কৌশল’ এবং ‘চলচ্চিত্র ও বাস্তবতা’ বিষয়ে পাঠ দেন যথাক্রমে তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ ও ইয়াসমিন কবির। সব শেষে বিভিন্ন প্রশ্নের জবাব দেন উত্সবের পরিচালক চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। উত্সবে শিশুদের পাশাপাশি বড়দেরও টিকিট কেটে ছবি উপভোগ করতে দেখা গেছে। বড়দের এই অংশগ্রহণ শিশুদের উত্সবকে সকলের উত্সবে পরিণত করেছে।