লোকসংগীতের আসরে ভাষা ও স্বাধীনতার গান
নিয়মিত আয়োজনের অংশ হলেও বাংলাদেশ লোকসংগীত পরিষদের গতকালের সংগীতানুষ্ঠানটি ছিল ব্যতিক্রম। অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনায় লোক গান থাকলেও প্রাধান্য পেয়েছে ভাষা ও স্বাধীনতার গান। পরিষদ তাদের ১০১তম গানের আসরটি সাজিয়েছিল মূলত মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে।কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা পর্ব। লোকসংগীত পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইন্দ্রমোহন রাজবংশীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কবি আসাদ চৌধুরী। দ্বিতীয় পর্বে ছিল গান। শুরুতেই সমবেত সংগীত। দাদরা তালে সংগঠনের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘মোদের গরব মোদের আশা’ এবং ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গান দুটি। এরপর শিল্পী আবদুল আজিজ ‘মাটি কান্দে মায়ের দুঃখে’, রোজিয়া সেলিম ‘সালাম সালাম হাজার সালাম’, আমিনুল হক ‘এই না বাংলাদেশের লাইগা রে’ এবং নাসরিন হায়াত ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ গানটি পরিবেশন করেন। এ পর্বের শেষে সমবেত কণ্ঠে শিল্পীরা শোনালেন ‘মায়ের ভাষার মান রাখিতে’ এবং ‘সোনা সোনা সোনা লোকে বলে সোনা’ গানটি। তৃতীয় পর্বে মঞ্চে আসেন ইন্দ্রমোহন রাজবংশী। ‘ঢাকার শহর রক্তে ভাসাইলি’, ‘কে কে যাবি আয় রে’সহ কয়েকটি গান করে উপস্থিত শ্রোতার মাঝে মুগ্ধতা ছড়ান তিনি। দর্শকের মুগ্ধতায় বাড়তি রস জোগাল দীপ্তি রাজবংশীর কীর্তন। তৃতীয় পর্বে আরও গান করেন আকরামুল ইসলাম, দীপঙ্কর রাজবংশী, অনিমা মুক্তি, শেখ হেমায়েত প্রমুখ।আজ থেকে মুক্তিযুদ্ধের বইমেলা ও চলচ্চিত্র উৎসবমহান স্বাধীনতা দিবস উদ্যাপনের অংশ হিসেবে আজ থেকে ২ এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তন ও প্রাঙ্গণে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা ও চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। এর আয়োজনে রয়েছে বাংলাদেশ এন্টারপ্রাইজ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ। আজ পাঁচটায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম উৎসবের উদ্বোধন করবেন।বইমেলা ও চলচ্চিত্র উৎসব প্রতিদিন সবার জন্য উন্মুক্ত থাকবে। নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক থাকবেন মফিদুল হক, মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী। উৎসবে দেখানো হবে একাত্তরের যীশু, আগামী, মুক্তির কথা, শিলালিপি, রাবেয়া, জয়যাত্রা, কান পেতে রই, সে কথা বলে যাই এবং আগুনের পরশমণি। বেঙ্গল শিল্পালয়ে ‘প্রাণের খেলা’ বাঙালি জীবনযাপনের চিরায়ত সরল জীবনদর্শন প্রতিফলিত হয় সুরে-সংগীতে। রবীন্দ্রনাথ ও নজরুলের সুর-বৈচিত্র্য নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে ‘প্রাণের খেলা’ শীর্ষক সংগীতানুষ্ঠান। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এ গানের আসর। আসরে সংগীত পরিবেশন করবেন ফাহিম হোসেন চৌধুরী ও শারমিন সাথী ইসলাম। অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত দর্শকের জন্য।