লোকসংগীতের শেকড়ের সন্ধানে নরওয়ের শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভায়োলিন, গিটার ও বাঁশি—এই তিন বাদ্যযন্ত্রের সুমধুর সংগীতের মূর্ছনায় আলোড়িত হচ্ছিল শ্রোতারা। সুরের ঢেউয়ের টানে কিছুক্ষণের জন্য হারিয়ে যাচ্ছিল মিলনায়তনের সবাই। গতকাল বুধবার পড়ন্ত বিকেলে নরওয়ে দূতাবাসের সহায়তায় বাদ্যযন্ত্র বাদন কর্মশালা উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা) আয়োজন করে সংবাদ সম্মেলনের। সেখানেই নরওয়ে থেকে আসা শিল্পীরা বাদ্যযন্ত্র বাজিয়ে শোনান এবং তুলে ধরেন বাংলাদেশের সুরের সন্ধানে আসার কারণ। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, নরওয়ের সংগীত সংগঠন রিক্স কনসার্টেনের সংগীত প্রযোজক হলজিয়ার ফ্রাইডেনলুন্ড। তিনি বলেন, ‘বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী লোকসংগীতের শেকড়ের সন্ধান করতেই আমাদের এখানে আসা। দুই দেশের গ্রামীণ সংগীত এবং সংস্কৃতির মিলন হোক, আমরা তা চাই। এ ছাড়া, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক এবং এই সেতুবন্ধ যেন দৃঢ় থাকে সব সময়।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নরওয়ে থেকে আসা বাঁশি বাদক ইনজেবোর্গ ক্রিস্টোফারসেন, ভায়োলিন বাদক ক্যারোলিনা র‌্যাডজেইজ এবং গিটারবাদক এরিক স্ক্যানকে হোসোইন। গত মঙ্গলবার থেকে শুরু হয় বাংলাদেশ ও নরওয়ের বাদ্যযন্ত্র বাদকদের সমন্বয়ে কর্মশালা। এতে চট্টগ্রামের ১৫ জন শিল্পী অংশ নেন। সংবাদ সম্মেলন শেষে সন্ধ্যায় নরওয়ে এবং চট্টগ্রামের শিল্পীদের সমন্বয়ে ডিসি হিল মঞ্চে আয়োজন করা হয় মিউজিক কনসার্টের। আজ বৃহস্পতিবার চিটাগং গ্রামার স্কুল এবং গ্রিন ভ্যালি স্কুলে অনুষ্ঠিত হবে দুটি মিউজিক কনসার্ট।