লোকসংস্কৃতির বিকাশে চাই সাংস্কৃতিক পর্যটন
সংগীতসহ বাংলা লোকসংস্কৃতির মাধ্যমগুলোতে আত্মিক বিকাশ এবং দর্শনের যে জায়গা রয়েছে, তাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য দেশে সাংস্কৃতিক পর্যটন চালুর দাবি উঠেছে।
গতকাল বুধবার ধানমন্ডির ইএমকে সেন্টারে ভাবনগর ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সংগীতনৃবিদ্যা’-বিষয়ক এক আলোচনা সভা থেকে এ দাবি করা হয়।
সভার প্রথম পর্বে ‘ফকির লালন শাহ এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য’ শীর্ষক আলোচনায় অংশ নেন জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক নৃবিদ্যা বিভাগের অধ্যাপক মাসাহিকো তোগাওয়া। দ্বিতীয় পর্বে বাংলাদেশের সংগীতনৃবিদ্যা নিয়ে ‘পঞ্চতত্ত্বের রস এবং বাংলার বাউল’ শীর্ষক বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক কিথ ই কান্ত।
সংগীতনৃবিদ্যা বা ‘এথনোমিউজিকোলজি’ মূলত একটি দেশ বা অঞ্চলের জনসংস্কৃতিকে ব্যাখ্যা করে। একেকটি জনগোষ্ঠী কীভাবে ঐতিহাসিকভাবে সংগীতচর্চার ভেতর দিয়ে নিজস্ব সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, ইতিহাস, ধর্ম মূল্যবোধ ও অন্যান্য ঐতিহ্য ধারণ এবং বহন করে চলে, তা পর্যবেক্ষণ করাই সংগীতনৃবিদ্যার কাজ। মূলত বাংলাদেশের সুফিতরিকা ও বাউলতত্ত্ব এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের জীবনদর্শন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা মাসাহিকো তোগাওয়া ও কিথ ই. কান্ত দুজনেরই ভাষ্য, বাংলা জনসংস্কৃতির পরিসরে ভাববাদ ও দর্শনের যে ‘সোনা’ ছড়ানো আছে, তা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। এর জন্য সাংস্কৃতিক পর্যটনের ধারণাটিকে বাস্তব রূপ দিতে হবে।
বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য এঁরা দুজনই বাংলা শিখেছেন। গুরুর কাছে বাউলধর্মের দীক্ষা নেওয়ার পাশাপাশি কণ্ঠে তুলে নিয়েছেন লালনগীতি, সুফি সংগীতসহ বাংলা লোকধারার বিভিন্ন গান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। স্বাগত বক্তব্য দেন বঙ্গীয় জ্ঞানচর্চার আন্তর্জাতিক পত্রিকা ভাবনগর-এর সম্পাদক সাইমন জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংস্কৃতি উপদেষ্টা মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন, ফোকলোর বিশেষজ্ঞ ফিরোজ মাহমুদ প্রমুখ।