লোকসভার আসন্ন অধিবেশনে সংবিধান সংশোধনী বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনে ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি অনুমোদনের লক্ষ্যে সংবিধান সংশোধনী বিল পেশ হতে পারে। গত সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদবিষয়ক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৫ আগস্ট লোকসভার অধিবেশন শুরু হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বর্ষাকালীন অধিবেশনে ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি ও ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার। এ লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ সব রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য গড়তে আলোচনা শুরু করবেন। এর আগেও সালমান খুরশিদ এ বিষয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যে পৌঁছেন। তবে বিজেপি, আসাম গণপরিষদ ও পশ্চিমবঙ্গ সরকার এর বিরোধিতা করায় ওই বিল লোকসভার পেশ করতে পারেনি কেন্দ্রীয় সরকার। তাই এবার নতুন করে সংবিধান সংশোধনী বিল পেশের উদ্যোগ। কেন্দ্রীয় সরকার বাংলাদেশের শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালে এই চুক্তি সম্পাদন করতে চাইছে। বিজেপি, আসাম গণপরিষদ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজি করানো গেলে এই বিল রাজ্যসভা ও লোকসভা সংসদের উভয় কক্ষে পাস করানো সম্ভব হবে। এতে দুই দেশের মধ্যে থাকা ১৬২টি ছিটমহল বিনিময় সহজ হবে।