লোকসমাগম বাড়াতে শিক্ষার্থীদের ব্যবহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বিভিন্ন অনুষ্ঠানে লোকসমাগম বাড়াতে মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরে অবস্থিত মক্তদীর বালিকা ও জুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায়ই ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। গত শনিবার এ রকম একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের জড়ো করায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্ষুব্ধ হন। ভবিষ্যতে এ কাজ না করতে সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়েছেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মক্তদীর বালিকা ও জুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের অবস্থান উপজেলা পরিষদ কার্যালয়ের কাছাকাছি। জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস ছাড়াও সরকারি অন্যান্য অনুষ্ঠানে লোকসমাগম বাড়ানোর উদ্দেশ্যে শিক্ষার্থীদের চেয়ে আয়োজক কর্তৃপক্ষ ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে পাঠদান কার্যক্রম বাদ দিয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠানস্থলে পাঠানো হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ শনিবার উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী স্বাস্থ্যমেলার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত। বেলা ১১টার দিকে শোভাযাত্রায় অংশ নিতে পাশের মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ৩০-৪০ জন ছাত্রী অনুষ্ঠানস্থলে যায়। ছাত্রীদের জড়ো হওয়ার কারণ জেনে উপজেলা চেয়ারম্যান আয়োজকদের ওপর ক্ষুব্ধ হন। তিনি ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যেতে বলেন। পরে সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক করে দেন।নাম প্রকাশে অনিচ্ছুক দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর একাধিক শিক্ষার্থী এ প্রতিবেদককে জানায়, মানববন্ধন, শোভাযাত্রা, সভাসহ বড়দের বিভিন্ন অনুষ্ঠানে তাদের পাঠানো হয়। এসব অনুষ্ঠানের কারণও তারা বোঝে না। অনেক সময় রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তারা অনুষ্ঠানে অংশ নেয়। মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী গত রোববার বলেন, ‘সরকারি বিভিন্ন অফিসের লোকজন প্রায়ই আমাদের ছাত্রী পাঠানোর জন্য অনুরোধ করে। কালও (শনিবার) সারোয়ার সাহেবের (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) কথা বলে এক ব্যক্তি (নাম জানা যায়নি) এসে ছাত্রীদের পাঠাতে বলেন। তবে ভবিষ্যতে আর ছাত্রীদের কোনো অনুষ্ঠানে পাঠাব না।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, ‘ছাত্রীদের পাঠাতে আমি কাউকে বলিনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’ শনিবারের ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত প্রথম আলোকে বলেন, ‘স্কুলে ক্লাস (পাঠদান) চলাকালে অন্য অনুষ্ঠানে ছাত্রীদের পাঠানো মোটেই ঠিক হয়নি।’