
প্রথমা থেকে এবার মেলায় এসেছে
• সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ পিতার হুকুম
• সৈয়দ আবুল মকসুদের কাগমারী সম্মেলন
• মহিউদ্দিন আহমদের আওয়ামী লীগ: যুদ্ধদিনের কথা
• শহীদ কাদরীর কবিতা গোধূলির গান।
ভিড় বটে, শুক্রবার বিকেল ও সন্ধ্যায় যেমন থাকে। সকালে অভিভাবকসমেত শিশুদের উপস্থিতিও ছিল। কিন্তু প্রকাশকের মন ভালো করা বিক্রির তেজ কোথায়!
গ্রন্থমেলা উদ্বোধনের আগেই স্টলের নির্মাণকাজ শেষ করার কড়া নির্দেশ ছিল বাংলা একাডেমি কর্তৃপক্ষের। বাস্তবে মেলার দ্বিতীয় দিনেও দেখা গেল হাতুড়ি, পেরেকের ঠোকাঠুকি। আজ শনিবার তৃতীয় দিনেও যারা স্টলের কাজ শেষ করতে পারবে না, তাদের বরাদ্দ বাতিল করার কথা জানালেন মেলার সদস্যসচিব জালাল আহমেদ।
গতকাল লোকসমাগম বাড়লেও বিক্রি বাড়েনি। সময় প্রকাশনের ফরিদ আহমেদ তাঁর প্যাভিলিয়নে দাঁড়িয়ে বললেন, ‘আরও দু-তিন দিন পর শুক্রবার হলে আমাদের জন্য ভালো হতো। নিজেরাও গুছিয়ে উঠতাম, পাঠকেরাও কেনাকাটার জন্য তৈরি হতে পারত।’
গতকালের সুখবর হলো মেলার দ্বিতীয় দিন থেকেই নতুন বই আসা শুরু হয়েছে। তথ্যকেন্দ্র ৫৪টি নতুন বইয়ের খবর দিয়েছে। লেখকেরা আসছেন, আড্ডায় মেতে উঠছেন। তবে বেশির ভাগ প্রকাশকই জানালেন, বড় পরিসরে এখনো বই আনা হয়নি। পুথি নিলয়ের স্টলের সামনে কথা হয় লেখক জাকির তালুকদারের সঙ্গে। জানালেন, কাঙ্ক্ষিত বই খুঁজে পাননি। তিনি বলেন, লোকের ভিড় উৎসবের মেজাজ এনেছে। তবে অনেকেই চাহিদা মোতাবেক নতুন বই পাচ্ছেন না। প্রকাশকেরা বিক্রির কথা চিন্তা করে নির্বাচিত বইগুলো একটু দেরিতে মেলায় নিয়ে আসেন, এটা ঠিক নয়। শুরুর দিন সব নতুন বই থাকলে বরং বেশি জমত মেলা।
বইমেলায় প্রথমা প্রকাশনের স্টল বরাবরই আকর্ষণীয় হয়ে ওঠে। এবার প্রথমার প্যাভিলিয়ন উদ্যানের ঠিক মাঝখানে। সন্ধ্যায় পাঠকও ছিল যথেষ্ট। রামপুরা থেকে আসা ফাহমিদা বেগমের হাতে ছিল বাংলাদেশের সিনেমার স্মরণীয় গান ১৯৫৬-২০১৬ বইটি। ফাহমিদা বলেন, ‘প্রথমায় ব্যতিক্রমী সৃষ্টির জোগান থাকে। তাই সব সময় আমি মেলায় ঢুকলে আগে প্রথমার সামনে আসি।’
প্রথমা থেকে এবার মেলায় এসেছে সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ পিতার হুকুম, সৈয়দ আবুল মকসুদের কাগমারী সম্মেলন, মহিউদ্দিন আহমদের আওয়ামী লীগ: যুদ্ধদিনের কথা, শহীদ কাদরীর কবিতা গোধূলির গান।
গতকাল পর্যন্ত মেলায় আসা উল্লেখযোগ্য নতুন বইয়ের তালিকার মধ্যে সময় প্রকাশন এনেছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রবন্ধ সংকট ও সুযোগ। ইত্যাদি গ্রন্থপ্রকাশ এনেছে হাসান আজিজুল হকের প্রবন্ধ আমার ইলিয়াস। অন্যপ্রকাশ এনেছে সৈয়দ শামসুল হকের কবিতা উৎকট তন্দ্রার নিচে, হারুন হাবীবের প্রবন্ধ গণমাধ্যম ১৯৭১: বিশ্ব সংবাদপত্রে মুক্তিযুদ্ধ, অনিন্দ্য প্রকাশ এনেছে আহমদ রফিকের প্রবন্ধ কবিতার বিভিন্ন ভাষা, ঐতিহ্য এনেছে বুলবুল সারওয়ারের প্রবন্ধ মহাভারতের পথে, আগামী এনেছে হাসনাত আবদুল হাইয়ের প্রবন্ধ সময় অসময়, পাঞ্জেরী এনেছে পিয়াস মজিদের কবিতা নাচ, মারবেল ও গোধূলি।
গতকাল সন্ধ্যায় গান শুনিয়ে দর্শকদের মুগ্ধ করেন শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, অণিমা রায়, সারওয়ার হোসেন ও নুসরাত বিনতে নূর।
আজ বেলা ১১টায় মেলার দ্বার খুলবে। আগের মতোই বেলা একটা পর্যন্ত থাকবে শিশুপ্রহর।
লেখক-পাঠকের আড্ডা, টিভি চ্যানেলের সরাসরি পরিবেশনের দৌড়ঝাঁপ, মূলমঞ্চে গানবাজনা, আলোচনা, তরুণ-তরুণীদের উল্লাস, প্রিয় লেখকের সঙ্গে সেলফি-এসব নিয়েই মেলা জমাটি থাকবে সামনের দিনগুলোয়-এমনটা আশা করছেন প্রকাশকেরা।