লোকসান কাটিয়ে উঠছেন আলুচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলু আবাদ মৌসুমের প্রথম দিকে ব্যাপক লোকসান হলেও মৌসুমের শেষ দিকে এসে ফলন ও দাম ভালো পেয়ে চাষিদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। প্রথম দিকে গ্র্যানুলা জাতের আগাম আলু চাষ করে উৎপাদন খরচই ওঠাতে পারেননি চাষিরা। বিঘাপ্রতি তাঁরা আট-নয় হাজার টাকা পর্যন্ত লোকসান দিতে বাধ্য হয়েছেন।

উপজেলার মল্লিকপুর গ্রামের সোহেল রানা, বৈরচুনার আলাউদ্দীন, খটশিংগার উত্তম কুমারসহ ভাকুড়া, পালিগাঁও, নারায়ণপুর, কুশারীগাঁও ও ঘিডোব গ্রামের একাধিক চাষির সঙ্গে কথা বলে জানা যায়, মৌসুমের প্রথম দিকে গ্র্যানুলা আলুর দাম ভালোই ছিল। কিন্তু কয়েক দিনের মধে৵ কার্ডিনাল ও কারেস আলু বাজারে ওঠায় গ্র্যানুলা আলুর দাম ও চাহিদা কমে যায়। আলু ওঠানোসহ অন্যান্য খরচ বাদে গ্র্যানুলা আলু বিক্রি করে উৎপাদন খরচই ওঠানো কঠিন হয়ে পড়ে। বিঘাপ্রতি লোকসান হয় আট থেকে নয় হাজার টাকা করে।

কিন্তু মৌসুমের শেষ দিকে এসে ডায়মন্ড, কার্ডিনাল ও রোমানা জাতের আলুর ফলন এবং দাম বেশি পাওয়ায় আগাম জাতের আলুচাষিরা তাঁদের লোকসান অনেকটা পুষিয়ে নিতে পেরেছেন। স্বস্তি ফিরে এসেছে তাঁদের মাঝে।

জগথা সরদারপাড়া গ্রামের চাষি জয়নাল আবদিন গত রোববার বিকেলে বলেন, ‘আমি তিন বিঘায় ডায়মন্ড আলুতে ৪৬০-৪৬৫ মণ ফলন পেয়েছি। পাইকারেরা খেত থেকে ১০ টাকা কেজি দরে নগদ দামে আলু কিনে নিচ্ছেন। এবার আগাম আলুতে যে লোকসান হয়েছিল, শেষ মৌসুমে সেই লোকসান পূরণ হয়ে কিছুটা লাভ হয়েছে।’

কর্ণাই গ্রামের লুকমান আলী গত সোমবার বলেন, ‘পাইকারেরা খেতেই আলুর দাম শোধ করে দিয়েছেন। আমি শুধু শ্রমিক দিয়ে খেতের আলু তুলে দিয়েছি। তাঁদের (পাইকার) লোক আলু বস্তায় ভরে পাওয়ার টিলারে তুলে নিয়ে গেছেন। এতে আমার পরিবহন খরচ বেঁচে গেল। যা পেলাম তা পুরোটাই আলুর দাম।’

উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পীরগঞ্জে এ বছর মৌসুমের শেষ সময়ে ভালো দাম পাওয়ায় মেরুদণ্ড ভেঙে যাওয়া চাষিরা আবার ঘুরে দাঁড়াতে পারলেন।