লোকসান গুনছেন পাটচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল হাটে চলছে পাট বেচাকেনা। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল হাটে চলছে পাট বেচাকেনা। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো

দুই বিঘা জমিতে এবার পাটের আবাদ করেছিলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের হাপানিয়া গ্রামের কৃষক নিখিল চন্দ্র সরকার। উৎপাদন ভালো হলেও পাটের ন্যায্যমূল্য না পাওয়ায় তিনি লোকসানে পড়েছেন।

নিখিল চন্দ্র সরকার জানালেন, জমি তৈরি, শ্রমিকের মজুরি ও কীটনাশক বাবদ প্রতি বিঘায় পাট চাষে তাঁর ১৫ হাজার টাকা খরচ হয়েছে। হাটে নিতে রিকশা ভ্যান বাবদ আরও খরচ হয়েছে এক হাজার টাকা। প্রতি বিঘায় পাটের উৎপাদন হয়েছে দুই বেল (১০ মণ)। প্রতি বেল পাট বিক্রি করেছেন ১২ হাজার টাকা। পাটখড়ি বিক্রি করতে পারবেন আরও চার হাজার টাকা। এই হিসাবে প্রতি বিঘায় তাঁর লোকসান হয়েছে দুই হাজার টাকা।

শুধু নিখিলই নন, জেলার আরও অনেক কৃষক এবার পাট চাষে লাভের মুখ দেখতে পারছেন না। শ্রমিকের অতিরিক্ত মজুরি এবং গতবারের চেয়ে এবার পাটের দাম তুলনামূলক কম হওয়ায় লোকসানে পড়েছেন কৃষকেরা।

পাটচাষিরা জানান, প্রান্তিক কৃষকদের সুবিধার্থে সরকারি উদ্যোগে ধান-চাল সংগ্রহ করা হয়ে থাকে। সরকারিভাবে পাট সংগ্রহ করা হলে তাঁরা লাভের মুখ দেখবেন বলে তাঁদের ধারণা। এ কারণে আর্থিক লোকসান থেকে রক্ষায় তাঁদের কাছ থেকে সরাসরি পাট কিনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলাতেই পাটের আবাদ হয়ে থাকে। গত বছরের তুলনায় এ বছর জেলায় পাটের আবাদ কিছুটা কমেছে। গত বছর জেলায় ৫ হাজার ৮৬৩ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছিল। এ বছর ৫ হাজার ১৭১ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়। জেলায় দেশি, তোষা, মেস্তা ও কেনাফ জাতের পাটের আবাদ হয়ে থাকে। তবে তোষা ও দেশি পাটের আবাদ বেশি হয়। তোষা পাটের মান ভালো হওয়ায় চাহিদাও বেশি; তাই এ জাতের পাটের দামও তুলনামূলক বেশি।

জেলায় পাটের অন্যতম বড় আড়ত (মোকাম) শিবালয় উপজেলার বরঙ্গাইল হাট। গত বৃহস্পতিবার ওই হাটে গিয়ে দেখা যায়, রিকশা ভ্যান, ঘোড়ার গাড়ি ও সাইকেলে করে বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা পাট নিয়ে হাটে আসছেন। পাইকারেরা দরদাম করে সেসব পাট কিনে ট্রাকে করে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। বৃহস্পতিবার এই হাটে মানভেদে প্রতি মণ পাট ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হয়েছে। গত বছর এই হাটে প্রতি মণ পাট ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলে পাইকারেরা জানান।

হাটে নিজেদের উৎপাদিত পাট বিক্রি করতে আসা শিবালয় উপজেলার ঢাকিজোড়া গ্রামের সমিজ মিয়া, ঘিওরের মাইলাগী গ্রামের ফজলুর রহমান ও হরিরামপুরের আবদুর রশিদের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, পাট বিক্রি করে তাঁদের উৎপাদন খরচও ওঠে না। এই লোকসান থেকে রক্ষায় তাঁরা সরকারি উদ্যোগে পাট সংগ্রহের দাবি জানান।

এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলীমুজ্জামান মিয়া বলেন, এবার সঠিক সময়ে বৃষ্টি হওয়ায় পাটের আশানুরূপ ফলন হয়েছে। পাট চাষে উৎসাহিত করতে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তিনি বলেন, ধান, চাল কিংবা গমের মতো ভর্তুকি দিয়ে চাষিদের কাছ থেকে সরকারের পাট কেনার সিদ্ধান্ত হয়নি। তবে এই ব্যবস্থা নিলে পাট চাষ বাড়বে।