লোকসান দিচ্ছে বরিশাল ডিজেল পাওয়ার স্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র ‘বরিশাল ডিজেল পাওয়ার স্টেশন’-এ প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় ১৫-২০ টাকা এবং তা বিক্রি করা হয় মাত্র তিন থেকে সাড়ে তিন টাকায়। ১১ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন বর্তমানে এই কেন্দ্র থেকে মাত্র এক থেকে দেড় মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘এই কেন্দ্রে স্থাপিত যন্ত্রগুলো ব্যবহার করে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করা প্রায় অসম্ভব। ১৯৫৩ সালে এগুলো স্থাপন করা হয়েছে। পুরোনো মেশিনে তেল খরচ বেশি। এ কারণে বিদ্যুৎ উৎপাদনে খরচ বেশি পড়ছে। তা ছাড়া এই কেন্দ্রটি ফার্নেস অয়েল অথবা গ্যাসে রূপান্তরিত করাও সম্ভব নয়। এখানে নতুন মেশিন স্থাপন ছাড়া কোনো বিকল্প নেই।’জানা গেছে, ১৯৬২ সালে তৎকালীন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ ব্যক্তিমালিকানায় পরিচালিত রায় কোম্পানির কাছ থেকে বরিশালের এই বিদ্যুৎকেন্দ্রটি অধিগ্রহণ করে। এক হাজার ৪৬৮ কিলোওয়াট ক্ষমতার নয়টি ইউনিট ব্যবহার করে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ১১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। নব্বইয়ের দশকে এই বিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিট অকেজো হয়ে পড়ে। সেগুলো মেরামত না করে ২০০৬ সালে বিক্রি করে দেওয়া হয়। বাকি পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি অকেজো পড়ে আছে। জোড়াতালি দিয়ে চালু রাখা হয়েছে মাত্র দুটি ইউনিট। বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রবীন্দ্রনাথ সরকার বলেন, ‘যখন সব ইউনিট চালু ছিল তখন ১১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো। বর্তমানে মাত্র দুটি ইউনিটে ছয় হাজার লিটার ডিজেল ব্যবহার করে মাত্র দেড় মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। নতুন ইউনিট স্থাপন করা ছাড়া বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব নয়।’বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানান, কেন্দ্রটি চালাতে প্রতি মাসে এক লাখ ৮০ হাজার লিটার ডিজেলের প্রয়োজন হয়। এই হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকার ডিজেল খরচ হয় এখানে। বর্তমান চাহিদা অনুযায়ী কর্তৃপক্ষ প্রতি তিন মাস পরপর এই কেন্দ্রের জন্য ডিজেল সরবরাহ করে। এই কেন্দ্রে জনবল রয়েছে ৩৮ জন। যার মধ্যে ৩১ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারী এবং সাতজন রয়েছেন দৈনিক চুক্তিভিত্তিতে।