লোকসানে বিলেতি ধনেপাতার চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলেতি ধনেপাতার ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। গত বছরের তুলনায় এ বছর ধনেপাতার দাম কেজিতে প্রায় অর্ধেক কমেছে। চাষিরা বলছেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। কিন্তু এবার মৌসুমের শুরুতেই রোজা হওয়ায় বাজারে বিলেতি ধনেপাতার চাহিদা কম। দাম অস্বাভাবিক কমে যাওয়ায় চাষের খরচ ওঠা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন চাষিরা। গত বছর পাইকারি বাজারে প্রতি কেজি বিলেতি ধনেপাতা ১২০ টাকা দরে বিক্রি হয়েছে। এবার এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ৬০ টাকা।
কৃষি বিভাগ সূত্র জানায়, জেলার ৫৩১ একর জমিতে এ বছর বিলেতি ধনেপাতার চাষ হয়েছে। এর মধ্যে রাঙামাটি শহর থেকে সাত কিলোমিটার দূরে সাপছড়ি ইউনিয়নের তিনটি কৃষি ব্লকে প্রায় ৩৫ একর জমিতে চাষ হয়েছে ধনেপাতার। সেখানকার শতাধিক পরিবার ধনেপাতা চাষের সঙ্গে যুক্ত। এই এলাকার ধনেপাতার সুনাম পুরো চট্টগ্রাম অঞ্চলে রয়েছে।
সাপছড়ি কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হারুন উর রশীদ বলেন, তাঁর কৃষি ব্লকে ১১ একরের বেশি জমিতে ধনেপাতার চাষ হচ্ছে। উৎপাদন ভালো হয়েছে। তবে চাষিরা দাম পাচ্ছেন না। তিনি বলেন, সমতলে আগে ধনেপাতার চাষ তেমন হতো না। সে কারণে পাহাড়ি ধনেপাতার চাহিদা ছিল। কিন্তু এ বছর চট্টগ্রামের আশপাশের এলাকায় ধনেপাতার চাষ শুরু হয়েছে। এ ছাড়া মৌসুমের শুরুটা রমজান মাস হওয়ায় বাজারে চাহিদা কম। ঈদের পর ধনেপাতার দাম কিছুটা বাড়বে বলে তিনি মন্তব্য করেন।
সাপছড়ি ইউনিয়নের মধ্যপাড়ার কার্বারি (গ্রামপ্রধান) সঞ্জীরা কার্বারি, ফুরোমোনপাড়ার বিমল কান্তি চাকমা ও আমছড়িপাড়ার রঞ্জন চাকমা বলেন, শীতের শেষ সময়ে চাষিরা পতিত জমির আগাছা পরিষ্কার করে মাটি কর্ষণ ও হালের মাধ্যমে ধনেপাতা চাষ করেন। জুনের প্রথম দিকে ধনেপাতা তোলা শুরু হয়। জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত খেতে ধনেপাতা থাকে।
সাপছড়িপাড়ার ধনেপাতা-চাষি চিরঞ্জীব চাকমা বলেন, প্রতি একর জমিতে প্রায় দুই লাখ টাকা খরচ হয়। এ বছর ফলন ভালো হওয়ায় প্রতি একরে গড়ে তিন হাজার কেজি ধনেপাতা উৎপাদিত হবে। কিন্তু দাম কেজিপ্রতি সর্বোচ্চ ৬০ টাকা। অথচ গত বছরও ধনেপাতা বিক্রি হতো কেজিপ্রতি ৯০ থেকে ১২০ টাকায়।
চট্টগ্রাম থেকে ধনেপাতা কিনতে আসা ব্যবসায়ী মো. শামসুদ্দিন বলেন, এ বছর ধনেপাতার বাজার একদম মন্দা। পাহাড়ের ধনেপাতার আলাদা চাহিদা থাকলেও দাম পাওয়া যাচ্ছে না। এ অবস্থা আগে কখনো হয়নি।