লোকসানে শরীয়তপুরের মৎস্য খামারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ-হরতালের কারণে যোগাযোগব্যবস্থা স্থবির। এতে বিপাকে পড়েছেন শরীয়তপুরের কয়েক হাজার মৎস্যখামারি। উৎপাদিত মাছ বিক্রি করতে না পেরে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। অনন্যোপায় হয়ে স্থানীয় বাজারে কম দামে মাছ বিক্রি করায় কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।
জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, জেলায় ছোট-বড় সাড়ে ১৫ হাজার মৎস্য খামার রয়েছে। ব্যক্তিপর্যায়ে মাছের খামারগুলোতে ছয় হাজার ২০০ একর জমি ব্যবহার করা হয়েছে। খামারগুলোতে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, কমন কার্প, থাইপুঁটি ও তেলাপিয়া মাছ চাষ করা হয়। বছরে জেলায় প্রায় সাড়ে ১৯ হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয়।
মৎস্য কার্যালয় ও খামারিদের সূত্রে জানা গেছে, খামারগুলোতে প্রতিবছর মার্চে মাছের চাষ শুরু হয়। উৎপাদিত মাছ নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বিক্রি চলে। ফেব্রুয়ারিতে খামারগুলো ফের তৈরি করে মার্চে নতুন করে মাছ চাষ শুরু করা হয়। শরীয়তপুরের খামারগুলোর মাছ ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন বাজারে বিক্রি হয়। গত দুই মাসে অবরোধ ও হরতালের কারণে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ায় খামারিরা তাঁদের মাছ বিক্রি করতে পারছেন না। বাধ্য হয়ে অনেক খামারি স্থানীয় বাজারে কম দামে মাছ বিক্রি করছেন। খামারে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মাছ বর্তমানে শরীয়তপুরের বাজারে প্রতি কেজি ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ঢাকার বাজারে পৌঁছাতে পারলে এ মাছ আরও অনেক বেশি দামে বিক্রি করা যেত। নড়িয়া উপজেলার হালইসার এলাকার খামারি রিয়াজ মিয়া বলেন, ‘এখনই খামারের মাছ বিক্রি করার সময়। পরিবহন চলাচল নির্বিঘ্ন না হওয়ায় আমরা মাছ বিক্রি করতে পারছি না। বিপুল পরিমাণ মাছ স্থানীয় বাজারেও বিক্রি করা সম্ভব নয়। এমন অবস্থা চলতে থাকলে আমাদের কোটি কোটি টাকার ক্ষতি হবে।’ ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা গ্রামের আজিজুল হক বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছি। মাছ বিক্রি করে ডিসেম্বরে ঋণ পরিশোধ করার কথা ছিল। অবরোধ-হরতাল থাকায় ঢাকার বাজারে মাছ পাঠাতে পারছি না। পুনরায় মাছ চাষ করার জন্য খামার প্রস্তুত করতে বিলম্ব হচ্ছে। এখন কীভাবে ঋণের টাকা পরিশোধ করব, সে চিন্তায় আছি।’
ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা গ্রামের মৎস্য ব্যবসায়ী মাহবুবুর রহমান বলেন, পাঁচ বছর ধরে এ ব্যবসায় জড়িত। এ বছরের মতো কখনোই এমন সংকটে পড়েননি। খামারের খরচ চালাতে তাঁকে স্থানীয় বাজারে কম দামে মাছ বিক্রি করতে হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহামঞ্চদ মহাশীন বলেন, উৎপাদিত মাছ সঠিক সময়ে বিক্রি করতে না পারলে খামারের মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এখন খামারের মাছ বিক্রি করার সময়। কিন্তু ঢাকার বাজারে মাছ পাঠাতে পারছেন না বলে খামারিরা মাছ ধরছেন না। স্থানীয় বাজারে খামারিরা কম দামে মাছ বিক্রি করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।