লোকসানের ব্যাপারে বিমানের যুক্তি আমলে নেয়নি সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী বিমান পরিবহন ব্যবসা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আর এ কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও লোকসান দিচ্ছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে জামাল উদ্দিন এই দাবি করেন। তবে বিমানের ক্রমবর্ধমান লোকসানের কারণ হিসেবে চেয়ারম্যানের এই যুক্তি আমলে নেয়নি সংসদীয় কমিটি। কমিটি মনে করে, পরিচালনা পর্ষদ বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে ব্যর্থ হয়েছে।সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে কমিটির সদস্যরা বিমানের টানা লোকসানের ব্যাপারে পরিচালনা পর্ষদের কাছে জানতে চান। এর জবাবে বিমানের চেয়ারম্যান জানান, পুরোনো উড়োজাহাজ, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বিশ্বব্যাপী এয়ারলাইনস ব্যবসার সংকটের কারণে বাংলাদেশ বিমানও লোকসান দিচ্ছে।বৈঠক শেষে কমিটির সদস্য মঈন উদ্দীন খান বাদল সাংবাদিকদের বলেন, বিমানের চেয়ারম্যানের যুক্তি কমিটি গ্রহণ করেনি। কারণ, বিশ্বব্যাপী এয়ারলাইনস ব্যবসা সংকটে রয়েছে বলে তিনি যে মত দিয়েছেন, তা সঠিক নয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, লন্ডনের ফ্লাইটসূচি বাতিল করে হজযাত্রী পরিবহনে বিমানের নতুন কেনা বোয়িং-৭৭৭ উড়োজাহাজ ব্যবহার কতটুকু যৌক্তিক হবে, তা খতিয়ে দেখার জন্য কমিটি সুপারিশ করেছে। বিমান কর্তৃপক্ষ বলেছে, ভাড়া করা উড়োজাহাজে ঠিকমতো হজযাত্রী না নিতে পারলে বোয়িং-৭৭৭ ব্যবহার করা হবে।সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এই বৈঠকে কমিটির সদস্য ও বিমানমন্ত্রী ফারুক খান, সৈয়দ মহসিন আলী, মঈন উদ্দীন খান বাদল ও শেফালী মমতাজ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যানসহ বিমানের পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা।