লোকসানের ভয়ে হিমাগারের আলু তুলছেন না কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকায় বারবার বিজ্ঞপ্তির মাধ্যমে তাগিদ দেওয়া সত্ত্বেও নিশ্চিত লোকসানের ভয়ে হিমাগার থেকে আলু বের করছেন না রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার কৃষক এবং ব্যবসায়ীরা। এ পর্যন্ত হিমাগারে থেকে শতকরা ১০ ভাগ আলুও বের করা হয়নি। হিমাগার কর্তৃপক্ষ বলছে, হিমাগারে আলু জমা থাকলে খরচ বাড়বে। আর কৃষক ও ব্যবসায়ীদের বক্তব্য এখন হিমাগার থেকে আলু বের করলে প্রতি বস্তায় লোকসান গুনতে হবে ৫০০ টাকা। এ অবস্থায় আলু নিয়ে বেকায়দায় পড়েছেন কৃষক, ব্যবসায়ী ও হিমাগার কর্তৃপক্ষ।কৃষকেরা জানান, এবার আলু উৎপাদন, বস্তা কেনা, পরিবহন খরচ ও হিমাগার ভাড়াসহ বস্তা প্রতি (৮৪ কেজি) খরচ পড়েছে এক হাজার টাকা। কিন্তু বর্তমানে বাজারে তা বিক্রি হচ্ছে গড়ে ৫০০ টাকায়। তারাগঞ্জের তিনটি হিমাগারে রাখা আলু ১৫ অক্টোবরের মধ্যে বকেয়া পরিশোধ সাপেক্ষে বের করে নেওয়ার জন্য স্থানীয় পত্রিকায় বারবার বিজ্ঞপ্তির মাধ্যমে তাগিদ দেওয়া হচ্ছে। এতে সাড়া মিলছে না কৃষকদের। স্থানীয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জে দুটি এবং তারাগঞ্জে তিনটি হিমাগার রয়েছে। দুই উপজেলার আশপাশে হিমাগার রয়েছে আরও চারটি। এসব হিমাগারের মোট ধারণক্ষমতা প্রায় ১৫ লাখ বস্তা। হিমাগার মালিকেরা জানান, সাধারণত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত আলু হিমাগারে রাখা হয়। এ সময়ের মধ্যে হিমাগারগুলো অনেকটা খালি হয়ে যায়। কিন্তু আলুর বাজারে ধস নামায় এবার হয়েছে উল্টো। বদরগঞ্জ উপজেলার মধুপুরের মোকছেদুল হক বলেন, ‘এ্যালা আলু বেচপার যায়া দেকোচি আদেক (অর্ধেকের বেশি) লস হওচে। এবার হামার আসোল মোসল সউগ গায়েব। আল্লায় জানে কপালোত কি আছে।’ তারাগঞ্জ উপজেলার ইকরচালি পরামানিকপাড়া গ্রামের জিয়াউল হক বলেন ‘মুই এবার ৫০০ বস্তা আলু পাচু। আবাদোত খরচ হইচে তিন লাখ টাকা। স্টোরোত (হিমাগারে) থুইয়া ইন (ঋণ) নিচি এক লাখ টাকা। স্টোর ভাড়া এক লাখ ৩৭ হাজার টাকা। পরিবহন, বস্তা কেনাসহ মোট খরচ পড়েছে প্রায় পাঁচ লাখ টাকা। এই আলুর দাম বর্তমানে আড়াই লাখ টাকা। তাই ভয়োতে স্টোর থাকি আলু বাইর করোচি না।’তারাগঞ্জের আলু ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন ‘এবার পুঁজি হারাতে হবে। লাভের আশায় মৌসুমে প্রতি বস্তা আলু ৬০০-৬৫০ টাকায় কিনে হিমাগারে রেখেছি ৭০০ বস্তা। এর ওপর হিমাগার থেকে ঋণও নিয়েছি। বাজারে আলুর যে দাম, তাতে জমি বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে। এ কারণে হিমাগার থেকে আলু বের করছি না।’তারাগঞ্জ উপজেলার এনএন হিমাগারের মহাব্যবস্থাপক আনিছুর রহমান বলেন, ‘আমার হিমাগারে এক লাখ ৪০ হাজার বস্তা আলু আছে। আলু রেখে কৃষকদের ঋণ দিয়েছি দুই কোটি টাকা। এ পর্যন্ত হিমাগার থেকে আলু বের করা হয়েছে মাত্র তিন হাজার বস্তা। কৃষকদের অনীহা দেখে ১৫ অক্টোবরের মধ্যে হিমাগারের আলু বের করে নেওয়ার জন্য পত্রিকায় কয়েকবার বিজ্ঞপ্তি দিয়েছি। তবু সাড়া মিলছে না। আলু সংরক্ষণে থাকলে হিমাগার খরচ বাড়বে। এ অবস্থায় বিপদে আছি।’তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘এবার আলুর বাম্পার ফলন হয়েছিল। কিন্তু বাজারে দাম পড়ে যাওয়ায় কৃষকদের উৎপাদন খরচও উঠছে না। এর প্রভাব পড়তে পারে আগামী আলুর মৌসুমে।’