লোকালয়ে বন্য হাতির তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জঙ্গল পদুয়া এলাকায় একদল বন্য হাতি তাণ্ডব চালিয়েছে। এতে ফলদ বাগানসহ ধানখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। 

জঙ্গল পদুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শহীদের ভাষ্য, গতকাল গভীর রাতে প্রায় ১৯টি বন্য হাতির দল জঙ্গল পদুয়ায় আসে। তারা ফরিয়াদিকুল, হিন্দুর বিল, লামার বিল, কিওর খোলা, ছদ্দা মুড়া, আইন্না ঘোনা, লম্বা ঘোনা, করলা ঘোনা এলাকার প্রায় ৫০ একর কৃষিজমির আমন ধান নষ্ট করেছে। এর আগের দিনও হাতির দল জঙ্গল পদুয়া এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়।
লোহাগাড়ার হাঙ্গর বিটের বিট কর্মকর্তা মো. হাসান বলেন, পাহাড়ি অঞ্চলে খাদ্যের অভাবে বন্য হাতি মানুষের খেতখামারে হামলা করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।