লোকালয় হুমকিতে ফেলে পুকুর কাটছেন চেয়ারম্যান
বগুড়ার শেরপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাঁর পুকুর থেকে শ্যালো মেশিন দিয়ে বালু তোলায় ভাঙনের মুখে পড়েছে এর আশপাশের জমি। ভাঙনের হুমকিতে আছে বেশ কয়েকটি বাড়ি। বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানানো হলেও এভাবে বালু তোলা বন্ধ হয়নি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লা আল মামুন প্রায় এক মাস ধরে উচ্চক্ষমতার শ্যালো মেশিন দিয়ে পুকুর থেকে বালু তুলে বিক্রি করছেন। এতে পুকুরের পাশের ফজলুল হক ও নজরুল ইসলামের জমিতে ভাঙন শুরু হয়েছে। হুমকির মুখে পড়েছে আজিজুল হক, আবদুল জব্বার, নুরুল ইসলাম, আবদুল খালেক, ফাতেমা খাতুন, মো. নান্নু, তারা খাতুন, খয়বর আলী, খালেদা ও মরিয়ম খাতুনের বসতবাড়ি। গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ওই চেয়ারম্যানের পুকুর থেকে শ্যালো মেশিন দিয়ে বালু তুলে তা পাইপের মাধ্যমে ফেলা হচ্ছে প্রায় ১০০ গজ দূরে। বালু তোলায় নিয়োজিত শ্রমিক মো. হূদয় জানান, দিনের বেলায় তাঁরা তিনজন শ্রমিক প্রায় এক মাস ধরে এই যন্ত্র দিয়ে বালু তুলছেন। প্রতিদিন এভাবে চার-পাঁচ ট্রাক বালু তুলে বিক্রি করা হয়। ভাঙনে ক্ষতিগ্রস্ত পাশের জমির মালিক ফজলুল হক বলেন, পুকুর থেকে বালু তোলায় তাঁর প্রায় তিন শতাংশ জায়গা ধসে পড়েছে। বালু তোলা বন্ধে তিনি চেয়ারম্যানকে অনুরোধ করেছেন। কিন্তু তিনি কর্ণপাত করেননি। বিষয়টি তিনি গত বুধবার পুলিশকে লিখিতভাবে জানালে ওই দিন দুপুরে পুলিশ আসে। শুধু ওই দিনই বালু তোলা বন্ধ ছিল। পরদিন সকাল থেকে আবার বালু তোলা শুরু হয়। তারা খাতুন বলেন, তিনিসহ পুকুরের আশপাশের এলাকার লোকজন এখন আতঙ্কে আছে। খয়বর আলী ও আবদুল জব্বার বলেন, খননের নামে চেয়ারম্যান পুকুর থেকে যন্ত্র দিয়ে বালু তুলে ব্যবসা করছেন, আর ভাঙনের কবলে পড়ছে তাঁদের বাড়িঘর।ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল মামুন বলেন, সারা বছর পুকুরে পানি থাকে না। এ জন্য তিনি প্রায় এক মাস ধরে শ্যালো মেশিন দিয়ে পুকুর খনন করছেন। তিনি আরও বলেন, পুকুরের পাশে যে জমি ভাঙছে, তার কাছাকাছি জায়গা থেকে যন্ত্র দিয়ে বালু তোলা নিষেধ করেছে পুলিশ। তিনি পুলিশের কথামতোই বালু তুলছেন।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, যেখানে জমি ভেঙে যাচ্ছে, সেখানে বালু তুলতে চেয়ারম্যানকে নিষেধ করা হয়েছে। তার পরও যদি বালু তোলায় পুকুরের পাশের লোকজন তাঁদের আর্থিক ক্ষতির ব্যাপারে আবার অভিযোগ করেন, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা কৃষি কর্মকর্তা স ম আশরাফ আলী বলেন, কোনো ব্যক্তি তাঁর পুকুর খনন করতে পারেন। কিন্তু এতে যদি পাশের কোনো জমির মালিকের ক্ষতি হয়, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে।