লোকালয়ে আবার বনরুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের আঁধারে বিপন্ন প্রজাতির বনরুইটি লোকালয়ে ঢুকে পড়ে। কয়েকজন ব্যক্তি সেটিকে ধরে ফেলেন। পরে এলাকার কয়েকজন সচেতন ব্যক্তি বন্য প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেন। গতকাল মঙ্গলবার প্রায় তিন ফুট লম্বা এই বনরুইটিকে সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গাজীপুর বালুছড়া এলাকায়।এর আগে গত শনিবার কুলাউড়ার কলিরকোনা গ্রামে খাবারের খোঁজে লোকালয়ে আসা আরেকটি বনরুই গ্রামবাসীর হাতে ধরা পড়ে।উদ্ধারকারীরা জানান, বনরুইয়ের মাংসকে স্থানীয় লোকজন বিভিন্ন রোগের পথ্য বলে মনে করেন। তাই কিছু লোক সেটিকে সাবাড় করতে চেয়েছিলেন।বন বিভাগের বিশেষ টহল বাহিনীর কুলাউড়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিরুল হক জানান, সোমবার রাতে বনরুইটিকে তাঁদের কাছে হস্তান্তর করা হয়। গতকাল সেটিকে কুলাউড়া রেঞ্জের সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়েছে।বন্য প্রাণী বিশেষজ্ঞ শরীফ খান জানান, বনরুই এক ধরনের স্তন্যপায়ী সরীসৃপ বন্য প্রাণী। রুই মাছের মতো সারা শরীরে আঁশ থাকায় এটি ‘বনরুই’ নামে পরিচিত। ইংরেজিতে বন্য প্রাণীটিকে চায়নিজ পেনগলিন (Chinese pangolin) বলা হয়। বনরুই গহিন বনে ১০-১৫ ফুট গভীর সুড়ঙ্গ করে বসবাস করে। এরা নিশাচর ও লাজুক-প্রকৃতির। গভীর রাতে খাবারের খোঁজে সুড়ঙ্গ থেকে বাইরে বেরোয়। আবার ভোরের আগেই সুড়ঙ্গে ঢুকে যায়। পিঁপড়া, পিঁপড়ার ডিম ও উইপোকা বনরুইয়ের প্রধান খাবার। বনরুই বছরে একবার বাচ্চা দেয়। এর পায়ের নখ ও পাতা খুবই শক্তিশালী। এরা রাতে দ্রুত চলাচল করতে পারে।বন্য প্রাণী সেবাশ্রমে ইগলের ছানা: ‘বাবা-মা’ হারানো দুটি সাদা ইগলের ছানা আশ্রয় পেয়েছে বন্য প্রাণী সেবাশ্রমে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আদিবাসী খাসিয়া গ্রাম চলিতাছড়া পানপুঞ্জির কয়েকজন বাসিন্দা গত সোমবার ছানাগুলোকে সেবাশ্রমে দিয়ে যান।গ্রামবাসী জানান, খাসিয়াপল্লির একটি গাছে দুটি ইগল কিছুদিন আগে বাসা বেঁধে বাচ্চা দেয়। গত শুক্রবার গাছটি ঝড়ে উপড়ে যায়। সেই থেকে ছানা দুটি ‘বাবা-মা’ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।চলিতাছড়া পানপুঞ্জির মন্ত্রী (প্রধান) জহিনুল কঙওয়াং জানান, গত শুক্রবার ভোরে ঝড়ে গাছটি উপড়ে যাওয়ার পর তিনটি ছানা পানের জুমে পড়েছিল। তিনি ছানাগুলো উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এর মধ্যে একটি বাচ্চা মারা যায়। বন্য প্রাণী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেব জানান, বাচ্চা দুটি সাদা ইগলের। ছানাগুলোর বয়স ১৫ থেকে ২০ দিন হবে। তিনি বলেন, সাদা ইগল উপকূলীয় অঞ্চলের পাখি। সুন্দরবন, হাতিয়া, মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, সন্দ্বীপ অঞ্চলে সাদা ইগলের দেখা মেলে। ডিম পাড়ার সময় হলে পাখিগুলো সাধারণত উঁচু গাছের ডালে বাসা বাঁধে। তারপর ডিম পাড়ে। জন্মের তিন মাস পর সাদা ইগলের ছানা উড়তে শেখে। সিতেশ দেব জানান, ছানাগুলোকে মুরগির বাচ্চা খেতে দেওয়া হচ্ছে। এগুলোর বয়স তিন মাস হলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।