লোকালয়ে আসা বাঘকে প্রথমবার জীবিত ফিরিয়ে দেওয়া হলো বনে
সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি রয়েল বেঙ্গল টাইগারকে প্রথমবারের মতো আবার বনে ফিরিয়ে দিয়েছে বাঘ উদ্ধারকারী দল। এ ক্ষেত্রে দলটির এটিই প্রথম সাফল্য এবং লোকালয়ে চলে আসা কোনো বাঘকে আবার জীবিত অবস্থায় বনে ফিরিয়ে দেওয়ার ঘটনাও বাংলাদেশে এটি প্রথম। ১২ বছর বয়সী ওই বাঘটিকে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবনে ফিরিয়ে দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হারিনগর গ্রামের বাসিন্দারা শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুন্দরবনসংলগ্ন খাল দিয়ে একটি রয়েল বেঙ্গল টাইগারকে সাঁতার কেটে যেতে দেখেন। গ্রামবাসী বিষয়টি বাঘ উদ্ধারকারী দলের (টাইগার রেসপন্স টিম) সদস্য হাফিজকে জানায়। খবর পেয়ে ছুটে যান বন বিভাগের লোকজন। তাঁরা খালের কদমতলা এলাকায় জড়ো হন। রাত সাড়ে নয়টার দিকে আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ বাঘটিকে দেখতে ভিড় করে। লোকজন একপর্যায়ে বাঘটিকে ঘিরে ফেলে। কয়েকজন লাঠি দিয়ে বাঘের মাথায় আঘাত করে। নিজেকে রক্ষায় বাঘটি গ্রামবাসীর ওপর চড়াও হলে তিনজন আহত হয়। এ সময় বাঘ উদ্ধারকারী দলের সদস্য, বনকর্মী ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা জনতাকে নিবৃত্ত করেন।বাংলাদেশ বন্য প্রাণী ট্রাস্ট ও বন কর্মীরা বাঘটিকে বন্দুক দিয়ে চেতনানাশক ওষুধ (ট্রাঙ্কুলাইজার) প্রয়োগ করে অজ্ঞান করেন। শনিবার দিবাগত রাত পৌনে দুইটায় অচেতন বাঘটিকে নৌকায় তুলে সুন্দরবনের উদ্দেশে রওনা দেয় উদ্ধারকারী দল। নৌকায় বন কর্মী ও বন্য প্রাণী ট্রাস্টের বিশেষজ্ঞরা বাঘটিকে পরীক্ষা করেন।বন্য প্রাণী ট্রাস্টের বাঘ বিশেষজ্ঞ অ্যাডাম বার্লো বাঘটিকে পর্যবেক্ষণ করে ই-মেইলে প্রথম আলোকে জানান, এটি ছিল একটি পূর্ণবয়স্ক বাঘ, বয়স ১২ বছর। ওজন প্রায় ৮০ কেজি। গ্রামবাসীর আঘাতে বাঘটির দুটি দাঁত মারাত্মকভাবে ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎ সা দিয়ে ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় বাঘটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, বন্য প্রাণী ট্রাস্টের বাঘ উদ্ধারকারী দলের সদস্য এবং গ্রামবাসী মিলে বাঘ বনে ফেরত পাঠানোর ঘটনা এই প্রথম। ভবিষ্যতেও বাঘকে না মেরে একইভাবে বনে পাঠানোর উদ্যোগ নেওয়া উচিত।বন বিভাগ সূত্র জানায়, ২০১০ সালে বাঘের হামলায় ৪৪ জন গ্রামবাসী এবং গ্রামবাসীর পিটুনিতে তিনটি বাঘ মারা গেছে।