লোকালয়ে আসা বাঘটি সম্ভবত অসুস্থ ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন-সংলগ্ন গোলাখালী গ্রামের লোকালয়ে চলে আসা বাঘটি সম্ভবত অসুস্থ ছিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বাঘটিকে গত সোমবার বিকেল থেকে ওই এলাকায় আর দেখা যায়নি। তবু গ্রামবাসীর আতঙ্ক এখনো কাটেনি। গ্রামবাসীর আশঙ্কা, বাঘটি যেকোনো সময় আবার ফিরে এসে মানুষের ওপর হামলা করতে পারে। গ্রামটি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাড়খালী এলাকায় কয়েকজন জেলে গত মঙ্গলবার গভীর রাতে একটি বাঘের গর্জন শুনেছেন বলে দাবি করেন।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. তৌফিকুল ইসলাম বলেন, এত বড় বাঘ সচরাচর দেখা যায় না। বাঘটি লেজসহ ১০-১১ ফুট লম্বা এবং উচ্চতায় সাড়ে তিন ফুটের বেশি। প্রায় ৯০ কেজি ওজনের ওই পুরুষ বাঘটির বয়স ১০ বছরের বেশি হতে পারে। বাঘটি কমবয়সী অন্য কোনো বাঘের দাপটে নিজ এলাকা ছেড়ে লোকালয়ে আশ্রয় নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ৩০-৩৫ ঘণ্টা চিংড়িঘের এলাকায় অবস্থানের পর বাঘটি আপন খেয়ালে বনে চলে গেছে। ওই এলাকায় গত মঙ্গলবার বেলা ১১টার দিকে বানর দেখা গেছে। বাঘ ও বানর একই এলাকায় সাধারণত একসঙ্গে অবস্থান করে না।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও বাঘ বিশেষজ্ঞ মনিরুল খান বলেন, বাঘটি অসুস্থ বলে প্রাথমিকভাবে ধারণা করা যায়। সুস্থ বাঘ ৩০-৩৫ ঘণ্টা একই এলাকায় অবস্থান করে না এবং দীর্ঘক্ষণ বিকট শব্দের মধ্যে অনড় থাকে না।ইদ্রিস আলী, বেল্লাল গাজী, ইউসুফ মোল্লা, সুবল মণ্ডলসহ গোলাখালীর কয়েকজন বাসিন্দা সুন্দরবনের বিভিন্ন সম্পদ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। বনে কাজ করতে গিয়ে বাঘের সঙ্গে একাধিকবার তাঁদের দেখা হয়েছে। তবে চিংড়িঘের এলাকায় গত রবি ও সোমবার অবস্থানকারী বাঘটিকে দেখে তাঁদের কাছে অসুস্থ মনে হয়েছে। তাঁরা বলেন, শিকারের জন্য বাঘটিকে উদগ্রীব মনে হয়নি। পটকাবাজি ও গুলির শব্দেও বাঘটি নির্বিকারভাবে একই স্থানে শুয়ে ছিল।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, বাঘটি গহিন বনে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। গোলাখালী থেকে চার কিলোমিটার দূরে গত মঙ্গলবার রাত ১০টার দিকে বাঘটির গর্জন শোনা যায়। ওই এলাকায় দিনের বেলা টহল অব্যাহত রাখা হয়েছে। গোলাখালী গ্রামের চিংড়িচাষি বিকাশ মণ্ডল ও হোসেন গাইন বলেন, সুন্দরবন ঘেঁষা গোলাখালী গ্রামে যেকোনো মুহূর্তে ওই বাঘটি চলে আসতে পারে। ভয়ে স্থানীয় শিশুদের ঘরের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। চাষিরা চিংড়িঘেরের দিকে যেতে ভয় পাচ্ছেন।