লোকালয়ে ইটভাটা, ফসল ও ফল উৎপাদনে বিপর্যয়
লক্ষ্মীপুর জেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই চলছে ৫২টি ইটভাটা। অধিকাংশ ভাটায় ড্রাম চিমনি ব্যবহার করে ও কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট। আবাদি জমি, ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ভাটাগুলো গড়ে উঠেছে। এতে জমিতে ফসল ও গাছে ফল হচ্ছে না। ধোঁয়া ও ধুলাবালির কারণে স্কুলে ঠিকমতো ক্লাস করতে পারছে না শিক্ষার্থীরা। জনবসতি থেকে ইটভাটা সরানোর দাবিতে এলাকাবাসী ইতিমধ্যে বিক্ষোভ মিছিল করেছে।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৭৬টি ইটভাটা রয়েছে। এর মধ্যে সদরে ৪৮, রামগঞ্জে ১২, রামগতিতে ১১, রায়পুরে চার ও কমলনগরে আছে একটি ইটভাটা। এগুলোর মধ্যে সদরের ৩৫, রামগঞ্জে সাত, রায়পুরে দুই, রামগতিতে আটটি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। বাকিগুলোর ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া চলছে।১৯৯২ সালের পরিবেশ আইন অনুযায়ী, কৃষি জমিতে ইটভাটা স্থাপন এবং কাঠ পোড়ানো নিষিদ্ধ। এ ছাড়া ১২০ মিটার উচ্চতার চিমনি ব্যবহার করার বিধান রয়েছে ওই আইনে। কিন্তু এসব আইন ভঙ্গ করে লক্ষ্মীপুরের ইটভাটার মালিকেরা প্রকাশ্যে হাজার হাজার মণ কাঠ পোড়াচ্ছেন। ১৯৮৯ সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন (সংশোধিত-২০০১) অনুযায়ী, আবাসিক এলাকা ও সংরক্ষিত বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। কিন্তু লক্ষ্মীপুরে এসব আইনের তোয়াক্কা করছেন না ভাটার মালিকেরা।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নেই আছে তিন-তিনটি ইটভাটা। এর একটি সৈয়দপুর গ্রামে মো. ফারুকের মেসার্স সেলাম আউয়াল ব্রিকস ম্যানুফ্যাকচারিং, একই গ্রামে ইসমাইল মোল্লার মেসার্স একেবি এবং দত্তপাড়া বাজারের পাশেই রয়েছে আবদুল ওয়াদুদের মেসার্স দত্তপাড়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং। ইটভাটা তিনটির আশপাশেই রয়েছে বাড়িঘর, ফসলি জমি, সরকারি কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান। ইটভাটার কালো ধোঁয়া ও প্রচণ্ড তাপে জমিতে ফসল উৎপাদন কমে গেছে, গাছে ফল ধরে না বলে অভিযোগ এলাকাবাসীর। ধোঁয়া ও ধুলাবালির কারণে লোকজন বাড়িঘরে থাকতে পারে না। এসবের প্রতিবাদে ও ইটভাটা বন্ধের দাবিতে গত ২১ ফেব্রুয়ারি এলাকাবাসী দত্তপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করে।ইটভাটা তিনটির একটিরও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই বলে জানা গেছে। তবে আবদুল ওয়াদুদ ভূঁইয়া দাবি করেন, তিনি ছাড়পত্রের জন্য আবেদন করেছেন। মেসার্স একেবি ব্রিকফিল্ডটি পূর্ব কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই অবস্থিত। ভাটার ধুলাবালির কারণে স্কুল ভবনের জানালাগুলো প্রায়ই বন্ধ রেখে শ্রেণীকক্ষে পাঠদান দিতে হয় শিক্ষকদের। প্রধান শিক্ষক আবুল বাশার বলেন, ‘সমস্যার কথা ইটভাটার মালিককে জানিয়েছি। তাঁরা মাঝেমধ্যে মাটির স্তূপে পানি দেন।’সৈয়দপুর গ্রামের মেসার্স সেলাম আউয়াল ব্রিকসের কার্যক্রম চলছে সাত বছর ধরে। এই ভাটার ধুলাবালিতে মুলিবাড়ির পাঁচটি পরিবার অতিষ্ঠ। মুলিবাড়িতে পাঁচ-ছয় বছর ধরে গাছে কোনো ফল হয় না। গৃহিণী শিউলী বেগম, এসএসসি পরীক্ষার্থী মোরশেদ আলম ও সিরাজ ব্যাপারী জানান, প্রভাবশালীদের ইটভাটা তৈরির কারণে এলাকার লোকজন ভয়ে প্রতিবাদ করতে পারছে না। সহকারী বন কর্মকর্তা মো. হুসাইন বলেন, ‘আমরা ইটভাটার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারি না। প্রশাসনকে শুধু সহযোগিতা করতে পারি।’কৃষি অধিদপ্তর লক্ষ্মীপুর শাখার উপপরিচালক আমির হোসেন জানান, কৃষি জমিতে ইটভাটা নির্মাণ নিষিদ্ধ। কিন্তু লক্ষ্মীপুরে এ আইন ভাটার মালিকেরা মানছেন না। জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান জানান, প্রশাসনের যোগসাজশে বেআইনিভাবে ইটভাটায় ‘বাংলা চিমনি’ ব্যবহার করে কাঠ পোড়াচ্ছেন প্রভাবশালী মালিকেরা।জেলা প্রশাসক আবুল বাশার মো. জহুরুল ইসলাম বলেন, ‘ইটভাটার বিষয়টি পরিবেশ অধিদপ্তর দেখবে। আমরা মাঝেমধ্যে বিভিন্ন ভাটা পরিদর্শন করি। এবারও কয়েকটি ইটভাটায় ড্রাম চিমনি ও কাঠ পোড়ানোর অপরাধে জরিমানা করেছি।’