লোকালয়ে ইটভাটা স্থাপনের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি. দুরুলিয়া, খলিশাকান্দি এলাকায় কৃষিজমি নষ্ট করে ইটভাটা নির্মাণ ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার দুরুলিয়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার চাষি, ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।বেলা ১১টার আগেই লোকজন দুরুলিয়া গণকবরের সামনে সমবেত হতে থাকেন। তাঁরা সেখানে মানববন্ধন করে স্লোগান দিতে থাকেন। এ সময় কর্মসূচি থেকে ইটভাটা বন্ধ করে দিয়ে আবাদি জমি ও ঘরবাড়ি রক্ষা করার দাবি জানানো হয়।মানববন্ধনে অংশ নেওয়া দুরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদুর রহমান জানান, অবিলম্বে এসব ইটভাটা লোকালয় থেকে সরিয়ে না নিলে বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে। খলিশাকান্দি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া খাতুন জানান, এলাকায় আগে থেকে চারটি ভাটা রয়েছে। উপরন্তু নতুন করে তিনটি ভাটার নির্মাণকাজ শুরু করা হয়েছে। এর মধ্যে একটি ইটভাটা তাঁদের বিদ্যালয় থেকে ৫০ গজ দূরে। পাশে যে চারটি ইটভাটা আছে সেগুলোর চিমনি থেকে বের হওয়া ধোঁয়া এবং ধুলার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। দুবলাগাড়ি এলাকার মোস্তফা কামাল জানান, দুরুলিয়া গ্রামে একটি ইটভাটা নির্মাণের খবর প্রথম আলোতে প্রকাশের পর পরিবেশ অধিদপ্তর এর পরিবেশের ছাড়পত্র বাতিল করে দেয়। ভাটাটির নির্মাণও এখন বন্ধ রয়েছে। তেমনি এই এলাকায় উপজেলা সদর থেকে এক কিলোমিটারের মধ্যে আরও যে চারটি ইটভাটা আছে, তা বন্ধ করে দিতে হবে। নতুন করে এসব ভাটার নিবন্ধন নবায়ন করা যাবে না। এসব করা না হলে মহাসড়ক অবরোধ করে সব বন্ধ করে দেওয়া হবে।