লোকালয়ে এসে প্রাণ হারাল মায়া হরিণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে আসা একটি মায়া হরিণ ধরে জবাই করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দুপুরে উপজেলার হুগলিছড়া চা-বাগানসংলগ্ন ভারত সীমান্তবর্তী টিলাগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।

বন বিভাগের বন্য প্রাণী শাখা ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে তালিকাভুক্ত (ইউডিআর) করেছে। ময়নাতদন্ত শেষে শনিবার রাতে মৃত হরিণটিকে শ্রীমঙ্গলে বন বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের আঙিনায় মাটি চাপা দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গলে বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম সাজ্জাদুজ্জামান বলেন, ঘটনাটি জানতে পেরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বন বিটের টহল দল টিলাগাঁও গ্রামে যায়। গ্রামের একটি রাস্তার পাশ থেকে জবাই করা অবস্থায় হরিণটিকে তারা উদ্ধার করে। পরে এটিকে শ্রীমঙ্গলে বন্য প্রাণী শাখার মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়। কারা হরিণ ধরে জবাই করেছে—জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি বন্য প্রাণী শাখা তদন্ত করছে। তিনি বন্য প্রাণী শাখার একজন কর্মকর্তার নাম বলে তাঁর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।