
পাহাড় থেকে লোকালয়ে খাবারের সন্ধানে এসে মানুষের নির্মমতার শিকার হয়ে প্রাণ হারাতে বসেছে একটি শজারু। চট্টগ্রাম চিড়িয়াখানায় চিকিৎসা চলছে প্রাণীটির। চিকিৎসকেরা বলছেন, শজারুটির অবস্থা আশঙ্কাজনক।
গতকাল দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড় থেকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জঙ্গলছলিমপুর বড়ইতলা এলাকায় চলে আসে শজারুটি। এ সময় কয়েকজন যুবক দড়ি দিয়ে বেঁধে প্রাণীটিকে পিটিয়ে আহত করে। তুলে নেওয়া হয় শরীরের বেশির ভাগ কাঁটা। পরে শজারুটিকে বিক্রি করার জন্য চট্টগ্রাম নগরে নিয়ে যাওয়ার পথে এক সাংবাদিক শজারুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করেন।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর চৌধুরী মো. মঞ্জুর মোর্শেদ প্রথম আলোকে বলেন, শজারুটিকে নাইলনের সুতা দিয়ে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এর গায়ের বেশির ভাগ কাঁটা তুলে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসা চললেও প্রাণীটির অবস্থা সংকটাপন্ন।
মঞ্জুর মোর্শেদ জানান, চিড়িয়াখানায় পাঁচটি শজারু রয়েছে। সব কটি শজারু সীতাকুণ্ডের বিভিন্ন স্থান থেকে আনা হয়েছে। সেখানে পাহাড়ের ধারে জমিতে খাবারের সংগ্রহে এসে স্থানীয় মানুষের হাতে ধরা পড়েছিল ওই শজারুগুলো। গতকালের শজারুটিও খাবারের খোঁজেই এসেছিল।