লোকালয়ে এসে মারা পড়ছে বন্য প্রাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে বন্য প্রাণী। খাদ্যের সন্ধানে বনাঞ্চল থেকে লোকালয়ে ছুটে এসে মানুষের হাতে ধরা পড়ে মারা যাচ্ছে এসব প্রাণী। এক দশকে রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় দুই শতাধিক বন্য প্রাণী মানুষের হাতে ধরা পড়ে মারা গেছে।বন বিভাগ সূত্র জানায়, রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন জুড়ে রয়েছে ২৪ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল। আশির দশকে এখানে ছিল ঘন সবুজ জঙ্গল। জঙ্গলের বৃক্ষরাজি ঘিরে ছিল হরিণ, হনুমান, বানর, উল্লুক, বনবিড়াল, মেছো বাঘ, বন্য কুকুর, শূকর, শেয়াল, বনছাগল ও বনমোরগসহ বিভিন্ন জাতের বিষধর সাপ এবং নানা রঙের টিয়া, তোতা, শালিক ও দোয়েলসহ নাম না জানা হরেক রকম হিংস্র পশু আর পাখির অবাধ রাজত্ব। সেসব জীবজন্তুর অস্তিত্ব বলতে এখন কিছুই নেই।উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন জানান, আশির দশক থেকে রাঙ্গুনিয়ার সংরক্ষিত বনাঞ্চলে জঙ্গল পুড়িয়ে আদা ও জুম চাষ করায় বন্য প্রাণীর আবাসস্থল ও খাদ্য কমতে থাকে। ফলে বন্য প্রাণীগুলো বনাঞ্চল ছেড়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে হানা দিতে শুরু করে। লোকালয়ে মানুষের হাতে ধরা পড়ে এসব প্রাণী নির্মমভাবে মারা পড়ে।রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র নুরুল আমিন তালুকদার জানান, গতকাল মঙ্গলবার সকালে মুরাদনগর পৌর এলাকার মানুষের হাতে ধরা পড়ে একটি বনবিড়াল। মানুষ পিটিয়ে বিড়ালটি আহত করে। এ ছাড়া উপজেলার পারুয়া ইউনিয়নের নলুয়া বিলে ৯ জানুয়ারি একটি হরিণশাবক ধরা পড়ে। স্থানীয় লোকজন এটি জবাই করে মাংস খায়।পদুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, ৩ জানুয়ারি ইউনিয়নের কমলাছড়ি গ্রামে দুটি বন্য কুকুর নেমে এসে মংচি মারমার ছাগল খেয়ে ফেলে। পরে আদিবাসীরা কুকুরটিকে মেরে এর মাংস খায়। এ ছাড়া প্রতি আমন ও বোরো মৌসুমে ধান খাওয়ার জন্য বন্য হাতির পাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় হানা দিয়ে বসতঘর তছনছ করে, এতে প্রাণহানিও ঘটে।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা ইদ্রিচ মিয়া জানান, এক দশকে উপজেলার প্রত্যন্ত এলাকায় ২১৩টি বন্য প্রাণী মানুষের হাতে ধরা পড়ে। এর মধ্যে একটি বনবিড়াল ও একটি অজগর চকরিয়া ইকোপার্কে পুনর্বাসন করা হয়, বাকিগুলো মানুষের হাতে মারা যায়। এদের বেশির ভাগই হরিণ।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের একান্ত সহকারী এনায়েতুর রহিম অভিযোগ করেন, বন্য প্রাণী সংরক্ষণে বন বিভাগের প্রত্যক্ষ ভূমিকা পালনের কথা থাকলেও তা করা হচ্ছে না। রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম ও উত্তর বন বিভাগের তিনটি রেঞ্জ কার্যালয়ের আওতায় ১০টি বিট কার্যালয় থাকলেও বন্য প্রাণী সংরক্ষণ ও জনসচেতনতা সৃষ্টির কোনো উদ্যোগ নেই।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাকসুদ আলম প্রথম আলোকে জানান, রাঙ্গুনিয়ার পাহাড়ে এখনো হরিণ, বানর, হনুমান, হাতি, শূকর ও কুকুর দেখা যায়। এগুলো সংরক্ষণে উদ্যোগ নেওয়া প্রয়োজন। তবে কোথাও বন্য প্রাণী ধরা পড়ার খবর পেলে সেগুলো হেফাজতে নেওয়ার ব্যবস্থা নেন তাঁরা। চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা শফিউল আলম জানান, সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় বৃক্ষরাজি বৃদ্ধির মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলগুলোয় বন্য প্রাণীদের আবাসস্থল ও খাদ্যনিরাপত্তা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে এ কর্মসূচির সফলতা পাওয়া যাবে।