লোকালয়ে কাঠকয়লা তৈরির কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে কাঠকয়লা তৈরির পাঁচ-ছয়টি কারখানা গড়ে তোলা হয়েছে। এসব কারখানায় দিন-রাত কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা হয়। চুলা থেকে নির্গত ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস জানান, কাঠ পুড়িয়ে কয়লা তৈরি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর (সংশোধিত ২০১০) পরিপন্থী। এ ধরনের কারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাঠকয়লার কারখানা তৈরিতে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি।সম্প্রতি সরেজমিনে উপজেলার কালিরহাট গ্রামে গিয়ে খলিলুর রহমানের মালিকানাধীন একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কের পাশে জনবসতিপূর্ণ এলাকায় গড়ে তোলা হয়েছে কারখানাটি। এর সামনে বিভিন্ন প্রজাতির গাছের গুঁড়ি স্তূপ করে রাখা হয়েছে। কারখানার পাঁচটি চুলায় পুড়ছে কাঠ। উপজেলার সাপলেজা ইউনিয়নের নলীজয়নগর এলাকায় তিনটি ও গুলিশাখালী ইউনিয়নের হোতখালী গ্রামে জনবসতিপূর্ণ এলাকায় একটি কাঠকয়লার কারখানা গড়ে উঠেছে।কারখানা গড়ে তোলার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে দাবি করে কালিরহাটের কাঠকয়লা কারখানার মালিক খলিলুর রহমান বলেন, কাগজপত্র না থাকলে এ ধরনের কারখানা গড়ে তোলা যায় না। হোতখালী গ্রামের কারখানার মালিক বেলায়েত হাওলাদার জানান, তিনি বর্তমানে কয়লা উৎপাদন বন্ধ রেখেছেন।কালিরহাট গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, কয়লা তৈরির সময় কাঠ পোড়ার ধোঁয়ায় তাঁদের কষ্ট হয়। বাড়ির গাছপালারও ক্ষতি হচ্ছে। কয়লার কারখানায় কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, একেকটি চুলায় ৩০০ মণ কাঠ টানা চার-পাঁচ দিন পুড়িয়ে ৭০ থেকে ৮০ বস্তা কয়লা উৎপাদিত হয়। প্রতি বস্তা কয়লা ৪০০ টাকা দরে ঢাকা, খুলনাসহ বিভিন্ন স্থানের হোটেল, ব্যাটারির দোকান, স্বর্ণলংকার ও স্টিল মিলে ব্যবহারের জন্য বিক্রি হয়।মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন জানান, তিনি কাঠকয়লার কারখানা বন্ধের জন্য মালিকদের নোটিশ দিয়েছেন। শিগগির কারখানাগুলোয় অভিযান চালানো হবে।মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা তপনেন্দ্র নাথ সরকার বলেন, ‘কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারণে পরিবেশ দূষিত হচ্ছে। তবে কারখানাগুলোর বিরুদ্ধে বন বিভাগের কোনো ব্যবস্থা নেওয়ার বিধি না থাকায় আমরা পদক্ষেপ নিতে পারছি না।’