লোকালয়ে কারখানা, দুর্গন্ধে অতিষ্ঠ চার হাজার মানুষ
‘গবাদিপশুর হাড়, মুরগির বিষ্ঠা আর চিংড়ির খোসার দুর্গন্ধে আমাদের জীবন অতিষ্ঠ। নাক আটকে ভাত খেতে হয়। এমনকি নাকে সুগন্ধি মাখা রুমাল বেঁধে পড়তে বসতে হয়।’ এ কথাগুলো বলেন খুলনার সরকারি সুন্দরবন কলেজের ছাত্র ও খুলনা নগরের লবণচরা এলাকার বাসিন্দা সুমন। দুর্গন্ধের কারণে সুমনের মতো ওই এলাকার চার হাজার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, লবণচরা এলাকার স্লুইসগেট থেকে শুরু করে রূপসা সেতুর মাঝামাঝি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় হাড় গুঁড়া করার চারটি এবং মুরগির বিষ্ঠা ও চিংড়ির খোসা গুঁড়া করার ছয়টি কারখানা আছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এই এলাকায় কারখানাগুলো স্থাপন করা হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গবাদিপশুর হাড়, মুরগির বিষ্ঠা, সাগরের পচা মাচ, মাছ কোম্পানির চিংড়ির খোসা সংগ্রহ করে এসব কারখানায় আনা হচ্ছে। পরে এসব বর্জ্য কারখানার ভেতরে চাতাল তৈরি করে সেখানে রোদে শুকানো হয়। পরে তা গুঁড়ো করে ওষুধ ও সার উত্পাদনকারী প্রতিষ্ঠান ও মুরগির খামারে বিক্রি করা হয়। কারখানাগুলোয় গিয়ে দেখা যায়, শ্রমিকেরাও নাকে সুগন্ধি মাখা কাপড় বেঁধে কাজ করছেন। দুর্গন্ধ কারখানা এলাকা ছাড়িয়ে প্রায় এক কিলোমিটারজুড়ে ছড়াচ্ছে। লবণচরা স্লুইসগেট এলাকার হোটেল ব্যবসায়ী মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘নিম্ন আয়ের লোকজন ছাড়া কেউ আমার হোটেলে আসতে চায় না।’ আনোয়ার বোন মিলের মালিক আনোয়ার হোসেন বলেন, যখন কারখানা স্থাপন করা হয়েছিল তখন এখানে লোকবসতি ছিল না। খুলনা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক অশোক কুমার বলেন, ২০০৫ সালে এসব কারখানার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। আদালত কারখানাগুলোকে জরিমানা করেন ও অবিলম্বে অন্যত্র সরিয়ে নেওয়ার আদেশ দেন। জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম জানান, কারখানাগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসন থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে।