লোকালয়ে কারখানা, বিষাক্ত বর্জ্য যাচ্ছে খালে
পাবনার বেড়া উপজেলার ঘনবসতিপূর্ণ জগন্নাথপুর গ্রামে গড়ে ওঠা কয়েকটি প্রসেস মিল মারাত্মক পরিবেশদূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মিলমালিকেরা নির্গত বর্জ্য নিজেদের জায়গায় সংরক্ষণের ব্যবস্থা না করে গ্রামের প্রধান খালে ফেলছেন। এতে খালের পানি বিষাক্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। খালের বিষাক্ত পানির কারণে এলাকার অনেক মানুষ পেটের পীড়া, চর্মরোগে আক্রান্ত হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ-ছয় বছর আগে জগন্নাথপুর গ্রামে একে একে চারটি প্রসেস মিল (সুতা প্রক্রিয়াকরণ কারখানা) গড়ে ওঠে। পরিশোধনের ব্যবস্থা না থাকায় এতে ব্যবহূত বিভিন্ন রাসায়নিক পদার্থ পানির সঙ্গে মিশে বিষাক্ত বর্জ্যে পরিণত হয়। পরে সেগুলো ফেলা হয় এলাকার প্রধান খালে, সেখান থেকে সেগুলো বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এতে মারাত্মক দূষণের শিকার হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে শতাধিক পরিবার। পেটের পীড়া, চর্মরোগসহ পানিবাহিত নানা রোগাক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। গ্রামের মানুষ এখন খালে গোসল কিংবা গৃহস্থালির কাজে খালের পানি ব্যবহার করতে পারে না। এ ছাড়া রয়েছে বর্জ্যের ঝাঁজালো দুর্গন্ধ। অতিষ্ঠ গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ বিভিন্ন স্থানে আবেদন করেছে। খালে বর্জ্য না ফেলার জন্য মিলমালিকদের অনুরোধ করার পাশাপাশি তাঁদের সঙ্গে একাধিক বৈঠকও করা হয়েছে। এতে কোনো কাজ হয়নি।জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নান্নু প্রামাণিক বলেন, ‘মিল নিয়্যা আমাগরে কুনু সমস্যা নাই। সমস্যা মিলের বর্জ্য নিয়্যা। মিলমালিকেরা এই বর্জ্য নিজেগরে জায়গায় রাখলি আমাগরে কুনু আপত্তি নাই, কিন্তু গ্রামের লোকজন যে খালের পানি ব্যবহার করে সেই খালে বর্জ্য ফেলা হলি আমাগরে তাতে চরম আপত্তি। বর্তমানে বর্জ্যের কারণে গ্রামে বাস করাই কঠিন হয়্যা গেছে।’যে খালে বর্জ্য ফেলা হয় তার সঙ্গে লাগোয়া রাসেল ফকিরের বাড়ি। তিনি বলেন, ‘প্রসেস মিলের পচা পানির গন্ধে বমি আসে। মাঝেমধ্যে গন্ধ এত বাড়ে যে আমাগরে ভাত খাওয়াই বন্ধ হয়্যা যায়।’ হাটুরিয়া গ্রামের গৃহিণী হামিদা খাতুন বলেন, ‘রান্নাবান্নাসহ সংসারের নানা কামে আগে খালের পানি ব্যবহার করত্যাম। প্রসেস মিল হওয়ার পর এই পানি আমরা আর ব্যবহার করি না।’ইউএনও হাসানুল মতিন বলেন, ‘ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের মিল ক্ষতিকর। এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে মিল থেকে নির্গত বর্জ্য নিজেদের জায়গায় রাখার ব্যাপারে আমি মিলমালিকদের নোটিশ দিয়েছি।’একটি প্রসেস মিলের মালিক বুলবুল হোসেন বলেন, ‘এক সময় গ্রামের খালে মিলের বর্জ্য ফেলতাম। কিন্তু এলাকাবাসীর আপত্তির কারণে বেশ কিছুদিন ধরে আমার জায়গায় বড় গর্ত করে বর্জ্য ফেলি। আমার জানামতে অন্যরাও নিজেদের জায়গায় বর্জ্য ফেলা শুরু করেছে।’