লোকালয়ে চলে আসায় দিতে হলো প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ সংরক্ষিত বনাঞ্চল থেকে লোকালয়ে ঢুকে পড়া দুটি মায়া হরিণ জবাই করেছে গ্রামবাসী। একটির মাংস ভাগবাটোয়ারা করে তারা খেয়েছে। জনপ্রতিনিধিরাও মাংসের ভাগ পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অন্য হরিণটিকে জবাই করা অবস্থায় উদ্ধার করেন বন কর্মকর্তারা। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ ছাড়া আহত একটি মায়া হরিণ গতকাল মারা গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে আদমপুর বন বিট এলাকা থেকে একটি মায়া হরিণ লোকালয়ে চলে আসে। একপর্যায়ে মধ্যভাগ গ্রামের লোকজন হরিণটিকে ঘেরাও করে ধরে জবাই করে। ঘটনা জানাজানি হলে জবাই করা হরিণ ফেলে রেখেই লোকজন পালিয়ে যায়। পরে জবাই করা ওই হরিণটি আদমপুর বন বিট কর্মকর্তারা উদ্ধার করেন।এদিকে গত বৃহস্পতিবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের কালাছড়া বন বিট থেকে একটি মায়া হরিণ বেরিয়ে লোকালয়ে চলে আসে। রহিমপুর ইউনিয়নের ধর্মপুর, চণ্ডীপুর ও রামন্দ্রপুর গ্রামের শতাধিক মানুষ ওই হরিণটিকে ধাওয়া করে। একপর্যায়ে হরিণটি ধলাই নদীতে পড়ে যায়। লোকজন সেখানে হরিণটিকে ধরে ফেলে। পরে সেটি জবাই করে মাংস ভাগাভাগি করে নেয় গ্রামবাসী।লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন রেঞ্জ (বন্য প্রাণী) কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।এদিকে গত ৯ এপ্রিল শনিবার সকালে কুরমা বন বিট এলাকার মখাবিল গ্রামের লোকজন আহত একটি মায়া হরিণ উদ্ধার করে কুরমা বন বিট কর্মকর্তা উত্তম কুমার দত্তের কাছে তুলে দেন। গতকাল সকালে হরিণটি মারা যায়।রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা সাধন রায় জানান, হরিণ হত্যার ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে।