লোকালয়ে ঢুকে তেঁতুলগাছে হনুমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর বদলগাছির বারাতৈল গ্রামে ঢুকে তেঁতুলগাছে আশ্রয় নিয়েছে হনুমানটি। ছবি: প্রথম আলো
নওগাঁর বদলগাছির বারাতৈল গ্রামে ঢুকে তেঁতুলগাছে আশ্রয় নিয়েছে হনুমানটি। ছবি: প্রথম আলো

নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামে একটি হনুমান ঢুকে পড়েছে। গতকাল বুধবার সকালে হনুমানটি ওই গ্রামে ঢুকে একটি তেঁতুলগাছে আশ্রয় নিয়েছে। হনুমানটিকে একনজর দেখতে উৎসুক জনতা তেঁতুলগাছের নিচে ভিড় করছে।
আজ বৃহস্পতিবার সকালে গ্রামটিতে গিয়ে দেখা যায়, হনুমানটি তেঁতুলগাছে বসে আছে। গাছের নিচে উৎসুক লোকজন। তাঁরা কলা-পাউরুটি গাছে নিচে রাখছেন। সেখান থেকে লোকজন সরে গেলে হনুমানটি গাছ থেকে নেমে এসে কলা-পাউরুটি খাচ্ছে।
কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, হঠাৎ করেই বুধবার বেলা ১১টার দিকে হনুমানটি গ্রামে ঘুরতে থাকে। উৎসুক লোকজন হনুমানটির পিছু নেয়। দুপুরের দিকে হনুমানটি গ্রামের একটি তেঁতুলগাছে উঠে পড়ে। কেউই হনুমানটিকে বিরক্ত করছে না। হনুমানটিও লোকজনের কোনো ক্ষতি করেনি।

গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম বলেন, তিনি কয়েক দিন আগে হাঁপুনিয়া গ্রামে একটি হনুমানকে দেখেছিলেন। এই হনুমানটিও ঠিক একই রকম দেখতে। হয়তো সেই হনুমানটি তাঁদের গ্রামে এসেছে।
গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন বলেন, গ্রামের লোকজন হনুমানটিকে পাউরুটি-কলা খাবার দিচ্ছেন। দুষ্টুমি করেও কাউকে ঢিল ছুড়তে দেওয়া হচ্ছে না।
বালুভরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল এমরান বলেন, হনুমানটি কোথা থেকে কীভাবে গ্রামে এল তা কেউ বলতে পারেনি। ভারত অথবা সুন্দরবন এলাকা থেকে হনুমানটি এখানে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। হনুমানটিকে কোনো চিড়িয়াখানায় অথবা কোনো বন বিভাগকে দেওয়ার ব্যবস্থা করতে বিষয়টি বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
ইউএনও হুসাইন শওকত বলেন, হনুমানটিকে কেউ যেন বিরক্ত না করে, সেদিক খেয়াল রাখতে বন কর্মকর্তাকে বলা হয়েছে।