লোকালয়ে তিন হাতি
চট্টগ্রামের আনোয়ারার বারখাইনের একটি বাড়িতে ঢুকে পড়েছে তিনটি হাতি। এসব হাতি গতকাল মঙ্গলবার সারা দিন ওই বাড়িতে ছিল। পাহাড়ে খাবারের অভাবে তারা লোকালয়ে চলে এসেছে বলে অনেকের ধারণা।স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে তিনটি হাতি শঙ্খ নদ পেরিয়ে উপজেলার বারখাইন ও বরুমচড়ার বিভিন্ন এলাকা ঘুরে তৈলারদ্বীপের নুর হোসেন ডিলারের বাড়িতে ঢুকে পড়ে। পুলিশ ও বন বিভাগের কঠোর নজরদারি থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে হাতির অবস্থান থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।বাড়ির মালিক উপজেলা আওয়ামী লীগের নেতা নুর হোসেন ডিলার জানান, ‘সকালে তিনটি হাতি হঠাৎ আমার বাড়ির উঠানে দেখে ভয় পেয়ে যাই। তবে তারা কোনো ক্ষতি করেনি। পরে বন বিভাগ ও থানার পুলিশ বাড়ির চারদিকে নিরাপত্তাবেষ্টনী গড়ে আমাদের নিরাপত্তা দেয়।’পটিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সত্যজিৎ রায় জানান, ‘হয়তো পাহাড়ে খাদ্যাভাবে হাতিগুলো লোকালয়ে চলে এসেছে। আবার রাতেই ফিরে যেতে পারে। আমরা নজরদারি করছি।’আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুস ছামাদ জানান, হাতি চলে না যাওয়া পর্যন্ত এলাকায় পুলিশি নিরাপত্তাব্যবস্থা বহাল থাকবে।আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী জানান, স্থানীয় লোকজনকে নিরাপদ দুরত্বে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে কোন সমস্যা না হয়। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান সওগাদ প্রথম আলোকে জানান, সকালেই এসব হাতি লোকালয়ে চলে আসে। তবে, প্রশাসনের নজরদারির কারণে কোন সমস্যা হয়নি।