লোকালয়ে তিনফসলি জমিতে ইটভাটা
পরিবেশ আইন লঙ্ঘন করে মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের ভাটবাউর এলাকায় তিনফসলি জমিতে ‘দিগন্ত ব্রিকস’ নামের একটি ইটভাটা নির্মাণ করা হচ্ছে। আর ওই ভাটা নির্মাণে ছাড়পত্র (অনুমতি) দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইটভাটা স্থাপনের নিয়মানুযায়ী, উর্বর কৃষিজমিতে (তিন অথবা দুই ফসলি) ইটভাটা স্থাপন এবং ইট তৈরির কাঁচামাল সংগ্রহের কাজে ব্যবহার করা যাবে না। এ ছাড়া আবাসিক এলাকা (যেখানে অন্তত ৫০টি বসতবাড়ি আছে) ও ফলের বাগান (যেখানে আনুমানিক ৫০টি ফলদ ও বনজ গাছ আছে) থেকে তিন কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো ইটভাটা স্থাপনের অনুমতি দেওয়া যাবে না। অথচ তিনফসলি জমিতে নির্মাণ করা ভাটাটির এক থেকে দেড় শ গজ দূরে ঘনবসতিপূর্ণ মুলজান গ্রামে রয়েছে মুলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুলজান উচ্চবিদ্যালয়, দীঘি ইউনিয়ন পরিষদ কার্যালয়, গ্রামীণ ব্যাংকের স্থানীয় কার্যালয় ও একটি মসজিদ। ভাটাটি নির্মাণ করায় এলাকাবাসীর মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী উপপরিচালক শেখ মুহমঞ্চদ নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, যে জমিতে ভাটা স্থাপন করা হবে, সেই জমি দুই ফসলি না তিনফসলি, সে ব্যাপারে প্রতিবেদন দেন স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তারা। তাঁদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই ভাটা নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাটবাউর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশেই ফসলি জমির ওপর ভাটাটির চিমনি নির্মাণের কাজ চলছে। এর তিন দিকে বিস্তীর্ণ ফসলি জমি। এসব জমিতে রোপণ করা সরিষার ফুলে চারদিক হলুদে ভরে। ভাটায় ট্রাকে করে আনা হচ্ছে মাটি। সেই মাটি ঢাকা-আরিচা মহাসড়কের ওই অংশে ধুলাবালি চারদিকে ছড়িয়ে পড়ছে। এর পর সেই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে ইট। ভাটার শ্রমিকেরা সেই ইট সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছেন। মুলজান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাচ্চু মিয়া বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের এক থেকে দেড় শ গজ দক্ষিণে ভাটাটি নির্মাণ করা হচ্ছে। এতে ইট পোড়ানোর কালো ধোঁয়ার কারণে শিক্ষার্থীদের ক্লাস করতে দায় হয়ে পড়বে। এলাকাবাসীর অনেকে জানান, প্রায় ছয় মাস আগে ভাটাটির পাশেই তিনফসলি জমিতে ভাগাড় নির্মাণ করে মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষ। এর প্রতিবাদে তাঁরা বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করেছেন। মাস খানেক ধরে ওই ভাটাটি নির্মাণ করা হচ্ছে। এতে একদিকে ফসলি জমি কমে যাচ্ছে, অন্যদিকে ভাটার কালো ধোঁয়ায় জনস্বাস্থ্য হুমকিতে পড়বে। মুলজান গ্রামের আনিসুর রহমান বলেন, ভাটবাউর এলাকার তিনফসলি বোরো, আমন ও সরিষাসহ বিভিন্ন শস্য হয়। ভাটা নির্মাণের অনুমতি দিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অনৈতিক কাজ করেছেন। ভাটার মালিক আবদুর রহিম অস্ট্রেলিয়া থাকায় এটি দেখভালের দায়িত্বে আছেন নজরুল ইসলাম। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরই ভাটাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার বলেন, আশপাশের জমিগুলো তিনফসলি হলেও যে জমির ওপর ভাটা নির্মাণ করা হচ্ছে, সেটি এক ফসলি। উপজেলা কৃষি বিভাগ থেকে দেওয়া প্রতিবেদনেও তা-ই উল্লেখ করা হয়েছে। জেলা প্রশাসক মো. মাসুদ করিম বলেন, কতিপয় শর্ত সাপেক্ষে ইটভাটা নির্মাণ ও ইট পোড়ানোর অনুমতি দেওয়া হয়। বিষয়টি দেখভালের দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। পরিবেশ আইন লঙ্ঘন করে অধিদপ্তর ভাটা নির্মাণের অনুমতি দিয়ে থাকলে সেটা অনৈতিক ও অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।