লোকালয়ে পোলট্রি খামার স্থাপন বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ও পঞ্চগড় ইউনিয়নের মাঝামাঝি স্থানে লোকালয়ে পরিবেশের জন্য ক্ষতিকর পোলট্রি খামার স্থাপন বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। গত শুক্রবার বিকেলে পুখুরীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশে এই পোলট্রি খামার গড়ে তোলার প্রতিবাদ জানানো হয়। কামালউদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে নাজমুল হক প্রধান, খামিরুল আলম প্রধান, জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য দেন। এর আগে একটি মিছিল এলাকা প্রদক্ষিণ করে। এলাকাবাসীর অভিযোগ, কাজী ফার্মস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ফসলি জমিতে এবং লোকালয়ে ‘হাড়িভাসা পোলট্রি’ নামে একটি পোলট্রি খামার স্থাপন শুরু করেছে। এর পাশে তালমা নদী ও ১০০ গজের মধ্যে একটি ঈদগাহ, কবরস্থান এবং জনবসতি রয়েছে। তালমা নদীতে লোকজন গোসল করে, গবাদিপশুকে নদীর পানি পান করান এবং প্রাত্যহিক কাজকর্ম সারেন। এখানে পোলট্রি খামার হলে পোলট্রির বর্জ্যের কারণে নদীটি দূষণের কবলে পড়বে। কাজী ফার্মের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) এ বি এম জালাল বলেন, সরকারে অনুমতি ও জনগণের সম্মতিতে এখানে পোলট্রি ফার্ম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি পরিবেশের জন্য ক্ষতিকর নয় এবং লোকালয় থেকে অনেক দূরে পতিত জমিতে গড়ে তোলা হচ্ছে।